- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেটে গণধর্ষণ মামলা, আরেক আসামী তারেক দিরাই থেকে আটক

স্টাফ রিপোর্টার
সিলেটের গণধর্ষণ মামলার আরেক আসামী তারিকুল ইসলাম তারেককে সুনামগঞ্জের দিরাই উপজেলার গরমা গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯’এর এএসপি আব্দুল আল মামুনের নেতৃত্বে র‌্যাব’এর একটি দল মোবাইল ট্যাকিং করে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করে। এ রিপোর্ট লেখার সময় তারেককে নিয়ে র‌্যাবের দলটি দিরাইয়ে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলি বেগ।
জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলি বেগ জানান, র‌্যাবের একটি দল মঙ্গলবার বিকালে মোবাইল ট্যাকিং করে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরি গ্রামের শামছু মিয়ার বাড়ি আসেন। ওখানে এসে তারেককে না পেয়ে শামছু মিয়ার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে রবিউলকে সঙ্গে নিয়ে পাশের বাতিয়ারগাঁওয়ের ছাদেক মিয়ার বাড়িতে আসে র‌্যাব। ওখানেও তারেককে পাওয়া যায় নি। তারেক দ্রুতই স্থান ত্যাগ করছিল। পরে র‌্যাবের দলটি স্থানীয় নারী ইউপি সদস্য তুলনা বেগমকে দিয়ে শামছু মিয়ার স্ত্রী’র সঙ্গে একান্তে কথা বলান এবং তারেকের অবস্থান তুলনা বেগমের কাছে না জানালে তাদেরকে আটক করা হবে বলে জানিয়ে দেন।
ওই সময় শামছু মিয়ার স্ত্রী সেলিনা বেগম জানায়, তারেক পাশের গরমা গ্রামের আলী হুসেনের বাড়িতে আছে। পরে আলী হুসেনের বাড়ি ঘেরাও করে র‌্যাব। ওখানে গিয়ে পাওয়া যায় তারেক একটি দামি মোবাইল টিপছে। মুখের দাড়ি ও মাথার চুল কেটে নিয়েছে সে। র‌্যাব-৯’এর দলটি তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তারেকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে র‌্যাব-৯’এর কর্মকর্তাগণ ফোন রিসিভ না করায় তাদের দায়িত্বশীল কারো বক্তব্য দেওয়া যায় নি।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের লাউগাং গ্রামের মৃত রফিকুল ইসলাম ও রতিমালা বেগম ছেলে তারিকুল ইসলাম তারেক। ৮-১০ বছর আগেই গ্রাম ছেড়ে সিলেটের টিলাগড়ে চলে গেছে এই পরিবার। দিরাইয়ের জগদল পশ্চিম বীরগাঁওয়ের পাশের ইউনিয়ন।

  • [১]