সু.খবর ডেস্ক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় চতুর্থ দিনেও ৪৮টি রিপোর্ট নেগেটিভ এসেছে। সিলেটবাসীর ভাগ্য সুপ্রসন্ন অথবা আসছে দুর্দিন। যদি পরীক্ষা সংক্রান্ত কোনো ঘাটতি থাকে তাহলে বিষয়টা আশঙ্কার। কারণ, লুকিয়ে থাকা এ শত্রু হানা দিতে পারে ভয়ংকরভাবে। যদিও সংশ্লিষ্টরা পরীক্ষার মান নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটি বিশ্বস্ত সূত্র ফের ৪৮টি রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে।
এর আগে ৭ এপ্রিল (মঙ্গলবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ৯৬টি নমুনা পরীক্ষা করা হলে সবকটি পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনও ২৪ জনের করোনা সনাক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে এবং তৃতীয় দিনও ৪৮ রিপোর্ট নেগেটিভ আসে।
এদিকে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের আশপাশে থাকা ১৬ জনের কারো শরীরে করোনা ধরা পড়েনি। তাদের সবার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে গত রোববার সিলেটে প্রথম এক চিকিৎসকের শরীরে কোভিড-১৯ ধরা পড়ার পর মানুষের মাঝে এক অজানা ভীতি দেখা দেয়।
এ অবস্থায় আক্রান্ত ওই চিকিৎসক ১৬ জনের একটি তালিকা দেন করোনা পরীক্ষা করার জন্য। এর মধ্যে তার পরিবারের সদস্য, গাড়ী চালক, চেম্বারে কাজে নিয়োজিত লোক ও একটি হাসপাতালে কর্মরতসহ মোট ১৬ জনকে গত বুধবার (০৮ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় তাদের কারো শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
এর আগে গত ৩০ মার্চ সকালে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে বিশেষায়িত ল্যাব স্থাপনের জন্য মেশিন ও কিট সিলেটের ওসমানী হাসপাতালে আসে। প্রথমদিকে পাঁচশত কিট দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো কিট আসবে বলে জানানো হয়েছে।
সূত্র : সিলেট ভয়েস