- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেটে ছোট ভাইকে জিম্মি করে ছাত্রলীগকর্মী খুন

সিলেট অফিস
সিলেটে ছোট ভাইকে জিম্মি করে ছাত্রলীগকর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত জাকারিয়া মোহম্মদ মাসুম (২৪) সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জের মাসুক মিয়ার ছেলে। বর্তমানে জাকারিয়া পরিবারের সদস্যদের নিয়ে নগরের ছড়ারপরা কামলগড় অপুর বাসায় ভাড়া থাকতো।   
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের শিবগঞ্জ লামাপাড়া গলির মুখে এ ঘটনা ঘটে।  
নিহত ছাত্রলীগ কর্মী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান অনুসারী বলে জানা গেছে।
নিহত জাকারিয়ার ছোট ভাই খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ জানান, বুধবার বেলা ৩টার দিকে বন্দরবাজার এলাকা থেকে এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ বেশ কয়েকজন সিএনজি অটোরিকশা যোগে আমাকে ধরে নিয়ে যায়। সিএনজি   
অটোরিকশায় থাকা অস্ত্রধারীরা আমাকে ভাইকে ফোন দিয়ে টিলাগড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আমার আহত হওয়ার খবর জানাতে বলে।
তাদের কথামতো তাদের মোবাইল থেকে আমি আমার ভাইকে ফোন দিয়ে শিবগঞ্জ এলাকায় আসতে বলি। এ কথা শুনে আমার ভাই  শিবগঞ্জ লামাপাড়া গলির মুখ সৌরভ ফার্মেসীর সামনে আসলে তাকে আমার সামনেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় টিটুসহ ছাত্রলীগের অস্ত্রধারীরা। পরে স্থানীয়দের সহযোগীতায় হাসাপাতালে নিয়ে আসা হয়।
নিহত জাকারিয়ার বাবা মাসুক মিয়া জানান, আমার দুই ছেলে এক মেয়ে সে সংসারে বড় ছিলো। বন্দরবাজার জেডি স্পোর্টস নামের একটি দোকানে চাকরি করতো। এবং সিলেট জেলা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলো।
কর্তব্যরত চিকিৎসক জানান, আহত জাকারিয়ার দুই পায়ের উরুতে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
সিলেট মহানগরের শাহপরাণ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান- নিহত জাকারিয়া ব্যবসা করতো বলে জানা গেছে। অন্যদিকে ছাত্রলীগের বিবাদমান দুই দলের বিরোধের জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

  • [১]