- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সু.খবর ডেস্ক
সিলেটে জেলা মাইক্রোবাস সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমেদ। তিনি জানান, প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। সমাধানের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাতে নগরের মহাজনপট্টি এলাকায় ডিবি পুলিশ দুই পরিবহন শ্রমিক আটকের পর তাদের মুক্তি দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দিয়েছিলেন শাহ রিপন।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে ধর্মঘট শুরুর পর থেকে নগরের দক্ষিণ সুরমার চন্ডীপুল, হুমায়ূন রশীদ চত্বর, কদমতলী, সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্টেশনসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন পরিবহন শ্রমিকরা।
ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেটের স্বল্প ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন পরিবহন সমিতির নেতারা।
এদিকে সমঝোতা বৈঠকে অংশ নেওয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান ফেরার পথে সুভানিঘাট এলাকায় হামলার শিকার হন। পরিবহন শ্রমিকদের একাংশ তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় তার পাজোরে জিপ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার ওসি সোহেল আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • [১]