- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেটে পাউবোকে ত্রাণমন্ত্রীর হুঁশিয়ারি- ৬১ যেন ৬২ না হয়

বিশেষ প্রতিনিধি, সিলেট থেকে
‘আপনারা সঠিক সময়ে সঠিক কাজ করলে আজ এ অবস্থা হতো না।’ সিলেটে বন্যা পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রতি এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার অপরাহ্নে তিনি মৌলভীবাজার পরিদর্শন করে সিলেট এসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি হাওরে বাঁধ সময়মত না হওয়ায় ফসলডুবির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা প্রসঙ্গ তুলে ধরে বলেন,  ‘আপনারা সঠিক সময়ে সঠিক কাজ করেন না। যে কারণে আপনাদের ৬১ জন কর্মকর্তা ও ঠিকাদারের নামে মামলা হয়েছে। সবাই ভালো হয়ে যান। এই ৬১ যেনো ৬২ কিংবা তার বেশি না হয়, সেদিকে খেয়াল রাখুন। সরকার এসব কাজে জিরো টলারেন্স নিয়েছে।’
সুনামগঞ্জের ১৫৪টি হাওরে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ সময়মত না হওয়ায় ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় গত রোববার দুদক পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৫ কর্মকর্তাসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে । ৬১ আসামির মধ্যে ১৫ কর্মকর্তা এবং বাঁধের কাজের ৪৬ জন ঠিকাদার। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলার দায়েরের পরই দুদক পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীন ও এক ঠিকাদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, সিলেট বিভাগীয় কমিশনার নাজামানারা খানুম, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান এবং পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধিসহ সিলেটের ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।
সিলেটে পানিবন্দী  মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে ৯ পদের বিভিন্ন শুকনো খাবারসহ দৈনন্দিন ব্যবহার্য্য সামগ্রীসহ ২০ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।   
মন্ত্রী সভা থেকে বন্যা দুর্গতদের জন্য আরও ৫০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা তাৎক্ষণিক বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।  তিনি বলেন, সিলেট জেলার বন্যা দুর্গতদের জন্য আজকে আরও ৫০০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর পূর্বে ৫০০ মেট্রিকটন চাল ও ২৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এই ত্রাণ বিতরণ কার্যক্রমে যেনো কোন ছয়-নয় না হয়-এ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ত্রাণ নিয়ে কোনো ছিনিমিনি নয়। ত্রাণ সামগ্রী যেনো সঠিক জায়গায় গিয়ে পড়ে সে নজরও রাখতে হবে। সে জন্য মাঠ পর্যায়ে কাজ করতে হবে।’
আওয়ামী লীগ ব্যতীত অন্য দল ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেয় বলে মন্তব্য করেন ত্রাণমন্ত্রী। তিনি কারো নাম উল্লেখ না করে বলেন, দেশে বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াতে কেউকে দেখা যায়নি। তাঁরা শুধু ঢাকায় বসে আওয়াজ দেন। এ আওয়াজ সবাই দিতে পারে।’

  • [১]