স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী সুনামগঞ্জের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রবিববার বিকালে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট নার্সিং কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মো. ইহসানুল হক হৃদয় (২৩)। সে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের কোল্ড চেইঞ্জ টেকনিশিয়ান মো. ফজলুল করিমের ছেলে। বর্তমানে সে সিলেটের শেখঘাট কাজির বাজার ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তাদের মূল বাড়ি নেত্রকোনায়।
র্যাব কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতারক হৃদয় নর্থ ইস্ট নার্সিং কলেজে এনএসআই সদস্য পরিচয়ে প্রবেশ করে। সে নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পক্ষ থেকে আসা পরিদর্শক হিসেবে দাবী করে। র্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল। অভিযানকালে তার কাছে বিএনসিসির ইউনিফর্ম, এক জোড়া বুট, ভুয়া এনএসআই পরিচয়পত্র ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী হৃদয়কে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতারক হৃদয়কে আটক অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ সিপিসি-১, সিলেট ক্যাম্পের এএসপি বেল্লাল হোসেন মল্লিক।