- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেটে যুবদল নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা যুবদল।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় পুরাতন বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ওয়ালটন শো রুমের সামনে মিছিলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা।
জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
তিনি বলেন, গ্রেফতার করে এই সরকারের পতন ঠেকাতে পারবেন না। আপনারা কি দেখেন না! নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। এই স্লোগান যখন আমরা ধারণ করি তখন কোনো কিছুই আর ভয় করি না।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি নাদীর আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
প্রসঙ্গত, গত সোমবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকা থেকে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে মকসুদ আহমদ তৃণমূল যুবদল নেতাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের আগে তিনি সিলেট জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

  • [১]