সু.খবর ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির জাতীয় স্থায়ী কমিটির সদ্য ড. আব্দুল মঈন খান সিলেট সফরে আসছেন। ‘শহীদ জিয়া স্মরণে’ এবং ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সিলেটের খন্দকার মালিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে যোগ দিতে আজ শনিবার সিলেট আসছেন তাঁরা। দলের শীর্ষ এ দুই নেতার সফরে বিশেষ দিকনির্দেশনা পাওয়ার আশা করছে সিলেট বিএনপি।
বিএনপি দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও খন্দকার মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদিরের আমন্ত্রণে সিলেট সফরে আসছেন দলটির ওই দুই শীর্ষ নেতা। আজ শনিবার দুপুরে তারা সিলেট এসে পৌঁছাবেন। পরে বিকাল ৩টার দিকে সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মসূচীতে যোগ দেবেন তাঁরা।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হবেন মির্জা ফখরুল ও ড. মঈন। এই সাক্ষাতে সিলেট বিএনপিকে সাংগঠনিকভাবে গতিশীল করা, আগামীতে আন্দোলন- সংগ্রামের জন্য প্রস্তুত করা, আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী দেয়া-না দেয়াসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে বলে মনে করছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘দলের অন্যতম দুই শীর্ষ নেতার সফরে সিলেটে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তাঁদের সাথে শনিবার সন্ধ্যার পর সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাত করবেন। কেন্দ্রীয় নেতারা সিলেটে বিএনপির সাংগঠনিক সুবিধা-অসুবিধা, দলীয় পলিসি, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা-না করা, আগামী দিনের আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন বলে আমরা আশা করছি।’
বিএনপির এই শীর্ষ দুই নেতারা সফরে সিলেটে বিএনপি আরো গতিশীল ও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন আলী আহমদ।