- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেট পরিবহন ধর্মঘট/ বিপাকে সুনামগঞ্জের যাত্রীরা

স্টাফ রিপোর্টার
সিলেটে ৫ দফা দাবিতে চলছে পরিবহন ধর্মঘট। এই ধর্মঘটের ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জবাসীও। পরিবহন ধর্মঘট কারণে বন্ধ রয়েছে সুনামগঞ্জ থেকে সিলেটগামী সকল বাস। সিলেট-সুনামগঞ্জে সড়কের শেষ উপজেলা ছাতকের গোবিন্দগঞ্জে গিয়ে আটকা পড়ছে সুনামগঞ্জের বাস। সেখান থেকে সিএনজি অটোরিকশা বা বিকল্প পরিবহনে সীমাহীন দুর্ভোগ পার করে সিলেটে পৌঁছাচ্ছেন যাত্রীরা।
মঙ্গলবার সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সরাসরি সিলেট বাস যেতে না পারায় স্টেশনে দাঁড়িয়ে সময় পাড় করছেন যাত্রীরা। সুনামগঞ্জ-সিলেটের পরিবর্তে সুনামগঞ্জ-গোবিন্দগঞ্জের টিকেট বিক্রি হচ্ছে। টিকেট কাউন্টারেও নেই কোনো লাইন। ৫ মিনিট পর পর বাসগুলো ঘন্টায়ও ছাড়ছে না। বন্ধ রয়েছে এসি সার্ভিসের কাউন্টার। বাস না ছাড়ায় লাইন ধরে স্টেশনে পড়ে আছে বাসগুলো। যাত্রীসহ বাস চালকরা অপেক্ষা করছেন কখন ধর্মঘট প্রত্যাহার হবে এবং যেতে পারবেন সিলেটে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জ বাস টার্মিনালে আসা ফয়জুল আমীন বলেন, সকাল থেকে বাস টার্মিনালে এসে অপেক্ষা করছি সিলেট যাওয়ার জন্য। কিন্তু কোনো বাস ছাড়ছেনা। সব বাস গোবিন্দগঞ্জ পর্যন্ত যাচ্ছে। আমার কাজ সিলেটে, আমি গোবিন্দগঞ্জ গিয়ে কি করবো?
জামালগঞ্জ উপজেলা থেকে আসা সাদ্দাম হোসেন বলেন, ব্যবসায়ীক কাজে আজ আমার সিলেট যেতেই হবে। না গেলে অনেক টাকা ক্ষতি হবে। বাস ছাড়া বিকল্প গাড়িও পাচ্ছি না।
আরেক যাত্রী নাসির উদ্দিন বলেন, জাফলংয়ে কাজে যোগ দেয়ার জন্য স্টেশনে আসি। জানতাম না যে আজ ধর্মঘট। এসে দেখি গাড়ি চলছে না।
সুনামগঞ্জ-বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, সিলেটে ধর্মঘট চলছে। একারণে আমাদের বাস সিলেটে ঢুকতে না পারায় সুনামগঞ্জের শেষ স্টপিজ গোবিন্দগঞ্জ পর্যন্ত চলাচল করছে। আমরা সিলেটের কাছে অনুরোধ জানিয়েছি, অন্তত এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করার জন্য।

  • [১]