- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার হাতে পাঁচশত কোটি টাকা আছে

সু.খবর ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করছে
সরকার। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এটা সরকারের বড় সাফল্য। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যুগান্তকারী সকল উদ্যোগ বাস্তবায়ন করছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার হাতে পাঁচশত কোটি টাকা আছে। এসব টাকার একটি অংশ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ব্যয় করা হয়েছে এবং বাকি টাকা বিভাগের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ব্যয় করা হবে। এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মন্ত্রী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির জন্য একটি গাড়ি দেওয়ার আশ্বাস দেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ দেওয়ান শাহ নওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মকুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান প্রমুখ।
সূত্র : ইত্তেফাক

  • [১]