স্টাফ রিপোর্টার
সিলেট-সুনামগঞ্জ- মোহনগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের দাবি জানিয়েছেন সুনামগঞ্জের ববসায়ীরা। রোববার সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভায় এই দাবি জানানো হয়।
চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির পক্ষ দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহুমুখি সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগাযোগ ও অবকাঠামোগত কারণে এখনো সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্য আশানুরূপ সম্প্রসারণ হচ্ছে না। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা আজো পিছিয়ে আছি। এখনো আমাদের একমাত্র প্রধান ও ব্যয়বহুল পরিবহন ব্যবস্থা সড়ক পথ। তাই সহজে কম খরচে দেশের বিভিন্ন স্থানে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিপুল ব্যয়ের এই সড়ক পথই আমাদের ভরসা। এখন সিলেট- সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন সম্প্রসারণ প্রকল্প যখন আমাদের সামনে বাস্তবায়ন রূপে ধরা দিয়েছে, তখন আমাদের বহুল কাঙ্খিত এই উন্নয়ন প্রকল্প নিয়ে অপরাজনীতি হোক আমরা চাই না, চাই না আমাদের স্বপ্নের এই দাবিটি মুখ থুবরে পড়ে থাকুক। আমরা তাই জনপ্রতিনিধিদের এই নিয়ে রাজনীতি না করে কিভাবে দাবিটি দ্রুত বাস্তবায়ন করা যায় সেই আহ্বান জানাতে চাই। আমরা চাইনা, আমাদের সজ্জন রাজনীতিবিদ ও মাননীয় প্রধানমন্ত্রীর আস্তাভাজন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে পাশ কাটিয়ে এই প্রকল্পে বাইরের কোন মন্ত্রীকে অযাচিতভাবে ডেকে এনে পানি ঘোলা করার রাজনীতি করুন আমাদের জনপ্রতিনীধিরা। আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর টেকনিক্যাল এক্সপার্টরা যেদিকে রেললাইন সম্প্রসারণের মতামত দিবেন আমরা সেদিকেই বৃহত্তর স্বার্থে রেললাইন সম্প্রসারণ কার্যক্রম মেনে নেব। আমরা উন্নয়ন থেকে আর বঞ্চিত থাকতে চাইনা, চাইনা আমাদের স্বপ্নের প্রকল্পের বিলম্ব হোক।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খায়রুল হুদা চপল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব এসব দাবি জানানো হয়। এসময় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ সহ পরিচালকবৃন্দ, ব্যবসায়ী মহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, করোনা মহামারিকালে ব্যবসা-বাণিজ্যসহ নানা সংকটে হাবুডুবু খাচ্ছে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। এর মধ্যেই সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন সম্প্রসারণ প্রকল্প আলোর মুখ দেখায় আশাবাদী হয়ে ওঠেন সকলে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন ও সমতায় পিছিয়ে পড়া হাওর জনপদ হিসেবে আমরাও উন্নয়নের মূল ধারাতে চলে আসি। সারাদেশের উন্নয়নের দরজা খ্যাত পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমাদের সজ্জন রাজনীতিবিদ এম,এ মান্নানকে গুরু দায়িত্ব দেন আমাদের নেত্রী ও বাংলাদেশের উন্নয়নের রোল মডেল জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মাধ্যমে মাননীয় মন্ত্রী জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, ব্যবসা-সহ নানা ক্ষেত্রে সুনামগঞ্জকে জাতীয়ভাবে উন্নয়নভাবে সমতায় নিয়ে আসতে কাজ করছেন তিনি। নির্বাচিত সংসদ সদস্যবৃন্দও সাধ্যমতো উন্নয়নের কাজ করছেন। অল্প সময়ের মধ্যে স্বপ্ন দেখা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, উত্তরের দুয়ার খ্যাত যাদুকাটায় শাহ আরোফিন-অদ্বৈত্য সেতু, দক্ষিণের দুয়ার খ্যাত কুশিয়ারা সেতুসহ নানা ধরণের স্থাপনা আমাদের সামনে দৃশ্যমান হয়ে ওঠে। আরো বড় বড় প্রকল্প বাস্তবায়নেও আমরা ভাবতে শুরু করি। এর মধ্যে আমাদের স্বপ্নের প্রকল্প সুনামগঞ্জ রেললাইন সম্প্রসারণ কাজও এগুতে থাকে। আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে প্রকল্পটির সম্ভাব্যতা যাছাই কার্যক্রমও চলে। এই অবস্থায় উত্তর ছাতক ও দোয়ারাবাসী দাবি করেন ছাতক শহর থেকে সুনামগঞ্জ শহর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের। অন্যদিকে জাউয়াসহ দক্ষিণ ছাতকবাসী দাবি করেন গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ শহরে রেল লাইন নিয়ে আসার জন্য। তাদের যুক্তি ব্যবসা-বাণিজ্যের জন্য এই পথ উপযুক্ত। জনগণের বিভক্ত অংশের দাবির প্রতি কন্ঠ মিলান জনপ্রতিনিধিরাও ।
বক্তারা বলেন, সম্প্রতি এই বিতর্কে জড়ান আমাদের সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। তারা উত্তর ছাতকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে ছাতক পৌর শহর থেকে সুনামগঞ্জ পৌর শহরে রেললাইন সম্প্রসারণের জন্য রেলমন্ত্রী বরাবরে দাবি জানান। এই দাবিকে অযৌক্তিকভাবে প্রতিষ্ঠিত করতে আমাদের মন্ত্রী এমএ মান্নানকে পাশ কাটিয়ে সিলেট শহরের আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে যুক্ত করে আরো বিতর্ক বাড়িয়ে তুলেন। এতে সাধারণ মানুষজনের সাথে আমাদের ব্যবসায়ী সমাজও মমার্হত। তাই সাধারণ জনগণের সঙ্গে আমাদের ব্যবসায়ী সমাজের মধ্যেও শঙ্কা দেখা দিয়েছে যে রেললাইন সম্প্রসারণের প্রকল্প আবারও বিলম্বিত হবে। রাজনৈতিক হিংসার কারণে অধরা থাকবে আমাদের কাঙ্খিত দাবিটি। আমাদের ব্যবসায়ী সমাজের স্পষ্ঠ বক্তব্য হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তার টেকনিক্যাল এক্সপার্টরা যেদিকে বৃহত্তর স্বার্থে রেললাইন সম্প্রসারণ করবেন আমরা সেদিকেই মেনে নেব। কারণ এ নিয়ে অপরাজনীতি করে আমরা আর উন্নয়ন থেকে পিছিয়ে থাকতে চাই না। আমরা চাই সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত রেললাইনের মাধ্যমে আন্ত:জেলা যোগাযোগ সম্প্রসারিত হোক । ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের প্রসার ঘটুক। আমাদের ব্যবসায়ী সমাজের দাবি মাননীয় ৫ জন সংসদ সদস্যের কাছে, তারা যেভাবে আগে মাননীয় পরিকল্পনামন্ত্রী এম,এ মান্নানের নেতৃত্বে মিলেমিশে জেলার উন্নয়নে কাজ করেছেন আবারও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মিলেমিশে কাজ করবেন। তাহলেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে । সবার কাছে আমাদের এই প্রত্যাশা।
এসময় উন্নয়নের প্রশ্নে আমরা সকল বিভক্তি ও বিভ্রান্তি দূর করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানানো হয়।