- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেট-সুনামগঞ্জ সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ছাতক প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ সড়কে ব্যাটারি চালিত অটো-রিক্সা ও অটো-টেম্পু চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার দিনভর মাইক যোগে হাইওয়ে পুলিশ জারিকৃত এ নিষেধাজ্ঞা প্রচার করে। এসময় হাইওয়ে পুলিশ ব্যাটারি চালিত তিনটি অটো-রিক্সা আটক করেছে বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কে ব্যাটারী চালিত অটো-রিক্সা, অটো-টেম্পু চলাচলের উপর একটি নিষেধাজ্ঞা জারী করেন হাইকোর্ট। রবিবার সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলরত অটো-টেম্পু ও অটো-রিক্সার মালিক, চালক ও যাত্রী সাধারণের অবগতির জন্য মাইকযোগে হাইকোর্টের নির্দেশনা প্রচার করা হয়েছে। রবিবার থেকে এ আদেশ কার্যকর হবে। আদালতের  আদেশ প্রচারকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারী চালিত তিনটি অটো-রিক্সা আটক করেছে হাইওয়ে পুলিশ।
এদিকে সিলেটের টুকেরবাজার, লামাকাজী, ছাতকের গোবিন্দগঞ্জ, ধারনবাজার, কৈতক, জাউয়াবাজার, বড়কাপন, দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও পাগলা এলাকায় বিচ্ছিন্নভাবে ব্যাটারী চালিত কিছু অটো-রিক্সা চলাচলের খবর পাওয়া গেছে।
হাইওয়ে পুলিশের এসআই একেএম শফিকুল ইসলাম জানান, হাইকোর্টের জারীকৃত আদেশ বাস্তবায়নে হাইওয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আদেশ অমান্যকারীদের গাড়ি আটক করে চালকের বিরুদ্ধে নেয়া হবে প্রচলিত আইনী ব্যবস্থা।

  • [১]