- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিসি ক্যামেরায় জিন্দাবাজারে মিসবাহ হত্যাকাণ্ডের দৃশ্য

সিলেট অফিস
‘অতর্কিত আক্রমণে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে ছটফট করছেন এক যুবক। হামলার পর রক্ত মাখা চাপাতি ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে মুছতে মুছতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে ঘাতক। তাঁর পিছু পিছু পালাচ্ছে আরও পাঁচ সহযোগি।’
এটি কোন সিনেমার দৃশ্য নয়! সিলেট নগরীর জিন্দাবাজারে দোয়ারাবাজার উপজেলার চন্ডীপুর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষার্থী মিসবাহ উদ্দিনের হত্যার সময়ের একটি ভিডিও ফুটেজে হত্যার সময়ের ঘটনার দৃশ্য এভাবেই ধরা পড়ে। ঘটনাস্থলের একটি বিপণিবিতানের সিসি ক্যামেরায় ধারণ করা তিন মিনিটের ওই ফুটেজ দেখে খুনিসহ ছয়জনকে চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত শনিবার রাতে জিন্দাবাজারের কাস্টমস অফিসের সামনের রাস্তায় চাপাতি দিয়ে মিসবাহ উদ্দিনকে কোপায় দুর্বৃত্তরা। হত্যাকান্ডের পরদিন তার মা নাজমা বেগম বাদী হয়ে কবির নামের একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, চাপাতির রক্ত মুছতে মুছতে ঘটনাস্থল থেকে পালানো যুবককে চিহ্নিত    
করা গেছে। সে মামলার প্রধান আসামী কবির আহমদই ছিলো। তার বাড়ি দক্ষিণ সুরমার বলধী গ্রামে। বর্তমানে জিন্দাবাজারের কাজী ম্যানশনের একটি দরজি দোকানের প্রশিক্ষণার্থী কর্মচারী হিসেবে কর্মরত সে। প্রায় পাঁচ মাস আগে কবিরের সঙ্গে মিসবাহর সঙ্গীদের বচসা হয়েছিল। সেই বচসার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই কবির পলাতক রয়েছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ থেকে ঘাতক কবিরকে চিহ্নিত করা গেছে। চাপাতি হাতে সেই মিসবাহকে কুপিয়ে হত্যা করে। এছাড়া তার সহযোগীদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।’ খুনি কবির ও তার সহযোগিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানান তিনি।
মিসবাহ দোয়ারাবাজার উপজেলার চন্ডীপুর গ্রামের বাসিন্দা হলেও মা ও তিন বোনকে নিয়ে নগরীর মজুমদারি এলাকায় বসবাস করতেন। বাবা-মা’র চার সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান ছিল সে। তার বাবা রহমত উল্লাহ জার্মানপ্রবাসী। গত বছর সিলেট কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে জার্মানি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিসবাহ।

  • [১]