- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিয়ামের চাঁদ অতিথি আবার

মু. আব্দুর রহীম
সিয়ামের চাঁদ অতিথি আবার তোমার মাটির ঘরে,
কে তুমি রয়েছ ঘুমায়ে এখনো? জাগো জাগো ত্বরা করে।
তন্দ্রা জড়তা দূরে ফেলে দাও, করো না করো না দেরী
ঐ দেখো জাগে নিখিল ভুবন, জিন, ফেরেশতা জুরী।
জান্নাত দ্বার খোলা হয়ে গেলো, শয়তান বাঁধা পড়ে,
খোদার রহম বিশ্ব জুড়িয়া মুষল ধারায় ঝরে।
ঐ দিকে শূন্যে যে ঘোষিছে পাক বাণী আল্লার-
রোজা হয় শুধু আমারই, তাহার আমিই পুরষ্কার।

হে মানুষ, তুমি ভুলেছ খোদায়? ভুলেছ তাহার দান?
বান্দারে করি বঞ্চনা করো আল্লার-অপমান?
ভুখা নর কভু অন্ন পেয়েছে তোমার প্রসাদ দ্বারে?
জুলুম করেছ আপন হাতেই আপনার আত্মারে?
রিপু শয়তানে পূজিয়াছ তুমি আপন ¯্রষ্টার?
ভুলেছ কি তব দ্বায়িতভার আল্লার খেলাফত?
হেলায় ফেলায় হারায়ে ফেলেছ সিরাতুল মুস্তাকিম?
আজিকে সমুখে শুধুই হেরিছ জুলামাত নি:সীম?

জাগো জাগো তবে, সিয়ামের ঐ উপবাসী ক্ষীণ চাঁদ
তোমার দুয়ারে অতিথি আজিকে, পুরাও তাহার সাধ।
ভিক্ষা মাগিছে ঐ চাঁদ তব পাক সাফ অন্তর,
কান্ত সৌম্য সংযত দেহ-আলোকের নির্ঝর।
ষড় রিপুজয়ী-শুদ্ধ কামেল পাক আত্মার তরে,
সিয়ামের চাঁদ অতিথি আবার তোমার মাটির ঘরে।

  • [১]