এমএ রাজ্জাক, তাহিরপুর
সীমান্তের বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে বনগাঁও কোম্পানীর অধীনস্থ নারায়নতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ডলুরা-বালাট বর্ডার হাটে দুই দেশের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) এবং ভারতের বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অশোক কুমার ইয়াদেব।
এসময় উপস্থিত ছিলেন, ২৮ বর্ডার গার্ড ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডার এবং বিএিসএফর পক্ষে উপস্থিত ছিলেন ১১ বিএসএফ ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার প্রমুখ।
পতাকা বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ , মানব পাচার প্রতিরোধ, বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে পাথর-কয়লা উত্তোলন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।