তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নে কর্মরত বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শ্যামল সরকার দায়িত্বরত অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে নারায়নতলা ডলুরা বর্ডার হাটে দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ তার মৃত্যু হয়। নিহত শ্যামল সরকারের বাড়ি বরিশাল জেলার ঝালকাঠি উপজেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামল সরকার নারায়নতলা সীমান্তে এলাকায় টহলরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে সাথে থাকা বিজিবির অন্যান্য সদস্যরা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে তার মরদেহটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বিকালে ব্যাটালিয়ন হেডকোয়াটার্স থেকে তার মরদেহ এ্যাম্বুলেন্স যোগে বরিশালের উদ্দেশ্যে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বিজিবি সদস্যর মৃত্যু হয়।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্ব পালন করার সময়ে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শ্যামল সরকারের আকস্মিক মৃত্যু হয়। এসময় তার বিদেহি আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি ব্যাটালিয়ন বিজিবির পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি।