আমাদের চলার পথে আরও একটি বছর অতিক্রান্ত হলো। ষড়ঋতুর বাংলাদেশে হৈমন্তি বাতাসের আদুরে অনুভূতির পাশাপাশি যেমন কালবৈশাখীর ঝঞ্ঝার মুখোমুখি হতে হয় কিংবা দগ্ধ আকাশের খরতাপে ঝলসানোর পাশাপশি যেমন তীব্র শীতের হিম কাঁপুনিতে স্থবির হয় জীবন, তেমনি আমাদেরও প্রতিটি বছরই নানা স্বাদের অম্লমধুর অভিজ্ঞতা অর্জন করেই এগিয়ে চলতে হচ্ছে। আমরা সাধারণ মানুষের চোখের মনিতে যেমন ভরসার আস্থা অর্জন করতে পেরেছি তেমনি দুর্জনের রক্তচক্ষুর সামনেও পরেছি প্রতিনিয়ত। এভাবেই চলেছি আমরা, চলতে চাই অবিরত, অবিরাম…।
ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান হিসাবে আমরা একেবারেই ক্ষুদ্র। এই ক্ষুদ্রতা দিয়েই আমরা আকাশ ছুঁয়ার চেষ্টা করেছি। সাহস রেখেছি সেই শক্তির উপর যারা সকল ভালকে ধারণ ও পৃষ্ঠপোষকতা করেন। বিগত চারটি বছরের পথচলা কখনও সম্ভব হতো না এই সমর্থনের সস্নেহ ছায়া না পেলে। আপনারা আজ যারা এখানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, আপনারা আমাদেরকে সার্বক্ষণিক সাহস ও ভরসা জুগিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমাদের সকৃতজ্ঞ অভিবাদন।
সাংবাদিকতাকে আমরা নিছক পেশার মোড়কে আবৃত করিনি। এটি আমাদের অর্থ উপার্জনের কোন খাত নয়। গত চারটি বছর পত্রিকা থেকে আমরা কোন লাভ করতে পারিনি। অব্যাহত লোকসানের ঠেলায় আমরা বারবার বিপর্যস্ত হয়েছি। কিন্তু ভালবাসা আর দায়বদ্ধতার কারণে গণমানুষের মুখপত্র হিসাবে দৈনিক সুনামগঞ্জের খবরের ভূমিকাকে এক দ-ের জন্য ম্লান হতে দেইনি। সামনে যতদিন চলবো এই অঙ্গিকার পালনে আমরা সচেষ্ট থাকব।
যাত্রা শুরুর শুভলগ্নে আমরা যে সম্পাদকীয় নীতিমালা ঘোষণা করেছিলাম সেখান থেকে বিচ্যুত হইনি আমরা কখনও। প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, বিজ্ঞানমনস্কতা, লিঙ্গবৈষম্য বিলোপ, সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ, ন্যায়ের পক্ষাবলাম্বন আর অন্যায়ের বিরোধিতাÑ এইসব আদর্শ আমাদের নিত্যসঙ্গী। এইসব সম্পাদকীয় নীতিমালার প্রতি অনুগত থেকেই আমরা চলেছিÑ চলবো।
আমাদের সুর্যোদয় হয় কখনও মেঘেঢাকা কখনও স্বর্ণালি রোদের আভা মাখানো আকাশে। কখনও উচ্ছ্বসিত হই সফলতায়, কখনও বিমর্ষ হই হতাশায়। উচ্ছ্বাস কিংবা হতাশা কোনকিছুকেই আমরা স্থায়ী হতে দেই না। মুহূর্তের আবেগকে মুহূর্তেই তাড়িয়ে সামনের পানে আমরা লক্ষ স্থির করি। এই লক্ষপানে সবার আগে ভাসে আমাদের অগণিত পাঠকের মুখ। আমাদেরকে বিজ্ঞাপন, লেখা, সংবাদ, পরামর্শ দিয়ে যারা সমৃদ্ধ করে রেখেছেন তাদের সকলের চেহারা আমাদের দৃষ্টিপটে আলোকবর্তিকা হয়ে ভেসে থাকে সব সময়। আজকের এই শুভ মুহূর্তে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা।