ধর্মপাশা প্রতিনিধি
দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে ভাটিবাংলার রাজমহল হিসেবে খ্যাত সুখাইড় জমিদার বাড়ি। ঈদের দিন থেকে গত বুধবার দুপুর পর্যন্ত নানান শ্রেণি পেশার বিভিন্ন বয়সী প্রায় পাঁচ থেকে ছয় হাজার নারী-পুরুষ অবসর কাটিয়েছেন এ জমিদার বাড়িতে। ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামে প্রায় ৩০০ বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এ জমিদার বাড়ি। প্রয়োজনীয় সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সরকারি নজরদারির অভাবে মোঘল আমলের এই স্থাপনাটি ধ্বংস হতে চলেছে। তবুও এ জমিদার বাড়ি দেখতে ঈদ ছাড়াও বছরের বিভিন্ন সময়ে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকেরা ভীড় করেন।
জানা যায়, ১৬৯১ সালে মোঘল শাসনামলে মহামানিক্য দত্ত রায় চৌধুরী হুগলী থেকে আসাম যাওয়ার পথে কালিদহ সাগরের প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হয়ে সুখাইড়ে জায়গা কিনেন। ১৬৯৫ সালে জমিদার মোহনলাল ২৫ একর জমির ওপর এ বাড়ি নির্মাণ শুরু করেন। সুখাইড় জমিদার বাড়ি দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর কারণে হাওর এলাকার রাজমহল হিসেবে পরিচিতি লাভ করেছিল। জমিদারী প্রথা বিলীন হলেও এখনো তা বেশ আকর্ষণীয় এ জমিদার বাড়ি। বর্তমানে অযতœ অবহেলায় প্রতœতত্বের সম্ভাবনাময় স্থান এবং মোগল আমলের নিদর্শনসমূহ আজ হারিয়ে যেতে বসেছে। অযতেœ নষ্ট হয়ে যাচ্ছে বাড়ির দেয়ালের নান্দনিক কারুকার্যসমূহ। ঐতিহ্যময় স্থাপত্যটি রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সুখাইড়বাসী। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিলে এক অপরূপ পর্যটন নগরীতে পরিণত হতে পারে সুখাইড় জমিদার বাড়ি।
ধর্মপাশা গ্রামের বাসিন্দা কাজী মাহমুদুল হক সুমন বলেন, ‘ঈদের দ্বিতীয় সুখাইড় জমিদার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মনোরম পরিবেশে ঘুরে বেড়াতে আমাদের অনেক ভাল লেগেছে। তবে এটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হলে পর্যটকদের ভীড় আরও বাড়বে।’
সুখাইড় কল্যাণ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সারোয়ার জেবিন বলেন, ‘জমিদার বাড়িটি আমাদের এলাকার একটি প্রাচীন স্থাপনা। দিন দিন এ বাড়ির প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে। এবারের ঈদে এতো মানুষের আগমন দেকে ভাল লাগছে। ঈদের দিন থেকে আজ (বুধবার) পর্যন্ত নেত্রকোনা, মোহনগঞ্জ, ধর্মপাশা, জয়শ্রী, সাচনা, সানবাড়ি, নওয়াগাঁও, কান্দাপাড়া হরিপুর সেলবরষ, বারহাট্টাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার বিনোদন প্রেমী ভ্রমণ করেছেন এখানে।’
সুখাইড় জমিদার বাড়ির বর্তমান বংশধর মোহন চৌধুরী জানান, ‘আমাদের এই ঐতিহাসিক বাড়িটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন। অর্থের অভাবে ঐতিহাসিক এই জমিদার বাড়ি আমাদের পক্ষে রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা সম্ভব হচ্ছে না। আমাদের এই বাড়িটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।’
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হলে সুখাইড় জমিদার বাড়ি একদিকে যেমন আকর্ষণীয় হয়ে উঠবে অন্যদিকে পর্যটকদের আগ্রহ দিন দিন আরও বেড়ে যাবে।’