এনামুল হক এনি, ধর্মপাশা
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বাছাই উপলক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে শুক্রবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম বুলবুলের পরিচালনায় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খান বাহাদূর, তৈমুর আহমেদ প্রমুখ ।
বর্ধিত সভায় ওই ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জন ভোটার উপস্থিত ছিলেন। সভায় দলীয়ভাবে প্রার্থীতা বাছাইয়ের জন্য ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের সমর্থন পেয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন দলীয় প্রার্থী তালিকার প্রথম স্থান নিশ্চিত করেছেন।
এছাড়াও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী আহম্মদ ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আনোয়ার প্রতিদ্বন্দ্বিতা করেন।এ উপজেলার ১০টি ইউনিয়নে ষষ্ঠ দফায় আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।