ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
এক বিবৃতিতে তিনি বলেন, কয়েক দিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার বোরো ফসল তলিয়ে গেছে। ফলে জেলার কৃষকদের প্রধান অবলম্বন প্রায় ৫ শ’ কোটি টাকা মূল্যের বোরো ফসল নষ্ট হয়ে গেছে। বর্তমানে সুনামগঞ্জ জেলার কৃষকেরা ভয়াবহ দুর্যোগের শিকার। তাদের সহায়তা ও পুনর্বাসনের জন্য জরুরী সাহায্যের প্রয়োজন। এসময় তিনি জরুরী ভিত্তিতে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে ফসলহারা কৃষকদের সব ধরনের সাহায্য প্রদানের দাবি জানান।
তিনি হাওর রক্ষা বাঁধের নামে চরম দুর্নীতি ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবির জানান এবং জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সকল নেতাকর্মীদের দুর্দশাগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।