স্টাফ রিপোর্টার
বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি বন্ধ করা এবং সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সুনামগঞ্জের আইনজীবীরা। দুপুরে কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা বারের প্রায় সকল আইনজীবী অংশ নেন।
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলীসহ জ্যেষ্ঠ আইনজীবীগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,‘সুনামগঞ্জের কৃষক পরিবারের প্রায় ১৪ লাখ মানুষের জীবিকা এক মৌসুমী ফসল বোরো’র উপর নির্ভরশীল। কিন্তু এই ধান রক্ষায় পাউবো বাঁধ নির্মাণের নামে প্রতিবছরই তামাসা করে। লাখ লাখ মানুষের জীবন-জীবিকা যেখানে জড়িত, তা নিয়ে অবহেলা মোটেই কাম্য নয়। এই বিষয়টি সংশ্লিষ্টদের আরো গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এবার শিলাবৃষ্টি, বাঁধ ভেঙে প্রায় সকল হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান পাকার আগেই প্রাকৃতিক বিপর্যয় হওয়ায় কৃষকরা ধান কেটে আনতে পারেন নি। এই অবস্থায় কৃষক বাঁচাতে জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করা জরুরি’।