স্টাফ রিপোর্টার
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর অনিয়ম-দুর্নীতি, দুর্নীতিবাজ ঠিকাদার-পিআইসির শাস্তি, ভারী বর্ষণ এবং অকাল বন্যায় সুনামগঞ্জের বেশিরভাগ হাওরের কাঁচা ধান তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা ও ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের বিচার এবং জেলাকে দুর্গত ঘোষণার দাবিতে এই মানববন্ধন আয়োজন করা হয়। সোমবার বেলা ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সচেতন
হাওরবাসী’র উদ্যোগ এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের বাঁধ নির্মাণে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের প্রতিটি পর্যায়ের ব্যক্তিরা জড়িত। ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি হওয়ার কারণে বছরের পর বছর সুনামগঞ্জের লাখ লাখ কৃষকের বছরের একটি মাত্র বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়। এজন্য কোন সময়েই দায়ী ব্যক্তিদের বিচার হয় না।
সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কৃষক লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, লেখক ডা. মুর্শেদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান, আমরা হাওরবাসীর সমন্বয়ক রুহুল আমিন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পংকজ কান্তি দে, অ্যাড. এনাম আহমদ, টিআইবি সনাক সদস্য অ্যাড. খলিল রহমান, অ্যাড. শাহীনূর রহমান শাহীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুজনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, শামস শামীম, ছাত্র ইউনিয়নের সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি দিপাল ভট্টাচার্য, সুজনের সদস্য সাংবাদিক শহীদ নূর আহমেদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, কবি ইকবাল কাগজী, বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন কলেজের প্রভাষক মোশারফ হোসেন ইমন, অ্যাড. অখিল তালুকদার, অ্যাড. সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী পল্টু পাল, সংবাদ পরিবেশক শ্যামল রায়, প্রথমআলো বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ, নাট্যকর্মী প্রদীপ পাল, স্কাউট লিডার বুরহান উদ্দিন, উন্নয়নকর্মী একে কুদরত পাশা, সাংবাদিক অভিজিৎ রায়, আব্দুর রহমান জুয়েল, জাকির হোসেন, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, সাংবাদিক নজরুল ইসলাম, সংগঠক আবুল হায়াত, যুবলীগ নেতা সৈয়দ গোলাম জিলানী ইমন, মহিবুর রহমান মুহিব, নাট্যকর্মী উজ্জল তালুকদার, সুইটি রানী দাস, ব্যবসায়ী দেলোয়ার হোসাইন প্রমুখ। এছাড়া মানববন্ধনে ছাত্র, শিক্ষক, কৃষক, আইনজীবী, সাংবাদিক-সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর সুনামগঞ্জে বোরো ফসলের আবাদ হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে। ৪২টি হাওরের ফসল রক্ষায় ৫৮ কোটি টাকা ৭০ লাখ টাকার বাঁধের কাজ হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের বৃহৎ ৩৭টি হাওরসহ মোট ৪২টি হাওরে ১০ কোটি ৭৭ লাখ ব্যয়ে ২২৫টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) ও ৪৮ কোটি টাকা ব্যয়ে ৭৬টি প্যাকেজে ঠিকাদার দিয়ে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে। পিআইসির কাজ ২৮ ফেব্রুয়ারি ও ঠিকাদারের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পিআইসির ও ঠিকাদারের কাজ সময়মত শেষ হয়নি।