জগন্নাথপুর অফিস
বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বদ্ধপরিকর। কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এখানে সরকারের কোন চাপ নেই। সারাদেশে অবাধ ও সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হতে প্রবাসী কিংবা দেশী কোন বিষয় নয়। বাংলাদেশের নাগরিক হলে নির্বাচনী আইনের সাথে সাংঘর্ষিক কোন অপরাধে জড়িত না থাকলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে। তবে নির্বাচনে প্রবাসী কিংবা কোন প্রার্থীর কালো টাকা বিতরণ কিংবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে কঠোরভাবে তা দমন করা হবে।
তিনি বলেন, জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন নির্বাচনের আচরণবিধির বিষয়ে ব্যবস্থা নিতে একজন ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সুনিদিষ্ট অভিযোগ
পেলে কঠোরভাবে নির্বাচন কমিশনের আইনে ব্যবস্থা নেয়া হবে।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে ১২ বছর ধরে নির্বাচন হচ্ছে না এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবের সুদৃষ্টি কামনা করলে তিনি বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন তাই আইনি প্রক্রিয়ায় সমাধান না হলে নির্বাচন কমিশনের কিছু করার নেই। তিনি অবাধ সুষ্ঠু ও নির্বাচনী আচরণবিধি মেনে চলার মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে কমিশন সারাদেশে কাজ করছে বলে জানান। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচনের সাথে জড়িত প্রিসাইডিং, পোলিংসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন।
এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার অমিত দেব, জগন্নাথপুর প্রতিনিধি আলী আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, যুগভেরী প্রতিনিধি গোবিন্দ দে, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।