স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের পাঁচ উপজেলার ১৫ টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে এই ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি সাধারণ মানুষকে অবগত করার জন্য জেলা তথ্য অফিসের মাধ্যমে সোমবার দুপুর থেকেই মাইকিং করানো হচ্ছে।
রেড জোন এলাকাগুলো হচ্ছে সুনামগঞ্জ পৌরসভা এলাকা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউপি (উপজেলা সদর), পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন। জগন্নাথপুর উপজেলার পৌরসভা এলাকা ও শাহারপাড়া ইউনিয়ন। ছাতক উপজেলার পৌরসভা, গোবিন্দগঞ্জ এলাকা, জাউয়াবাজার, কালারুকা ও নোয়ারাই ইউনিয়ন। দোয়ারাবাজার উপজেলার উপজেলা সদর, বাংলাবাজার ও মান্নারগাঁও ইউনিয়ন। বিশ্বমম্ভরপুর উপজেলার পলাশবাজার এলাকা।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ বলেন, সোমবার পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনজন মৃত্যুবরণ করেছেন। সংক্রমণ প্রতিরোধে কিছু এলাকায় নতুন করে লকডাউন ঘোষণার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার কোভিট-১৯ প্রতিরোধ সক্রান্ত জেলা কমিটির সভায় সিদ্ধান্ত হবে রেড জোন এলাকায় করোনা সক্রমণ রোধে কী কী ব্যবস্থা নেওয়া হবে।