- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জের বিনা উপকেন্দ্র দেশ সেরা নির্বাচিত

স্টাফ রিপোর্টার
দেশের ১৩টি উপকেন্দ্রের মধ্যে সেরা উপকেন্দ্র নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের বিনা উপকেন্দ্র। রবিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন) মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের কার্যক্রমের মধ্যে ছিল- কৃষকদের সহজ যোগাযোগ সৃষ্টিতে উপকেন্দ্রে হেল্প ডেস্ক তৈরি, উপকেন্দ্রে উদ্ভাবিত বীজ প্যাকেটজাত করে কৃষকদের প্রদান, অফিস কাম গেষ্ট হাউজ ভবনের পয়:নিষ্কাশনের ব্যবস্থা করা, অফিস ও আঙিনা পরিচ্ছন্ন রাখা, অফিস ভবনের রং করা এবং যথাযথ সংরক্ষণ করা, ফুলের বাগান তৈরি করা, ডাস্টবিন স্থাপন করা এবং প্রবেশ দ্বারে পাকাকরণ করা, অফিসকে জীবাণুমুক্ত রাখাসহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছিলেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা।
দেশ সেরা উপকেন্দ্র নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামসহ অন্যান্য পরিচালক, উপ-পরিচালকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব জানান, রংপুর, মাগুরা, জামালপুর, ঈশ্বরদী, কুমিল্লা, সাতক্ষীরা, বরিশাল, নোয়াখালী, নালিতাবাড়ি, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, চাপাই নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি উপকেন্দ্র রয়েছে। তম্মধ্যে সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, ২০২০-২০২১’ বাস্তবায়নে বছর শেষে সামগ্রিক মূল্যায়নে বিনা উপকেন্দ্র সুনামগঞ্জকে আওতাধীন সেরা অফিস হিসেবে ঘোষনা করা হয়েছে।

  • [১]