- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জের হাওরাঞ্চলে আবাসিক স্কুল গড়ার ইচ্ছা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘সুনামগঞ্জের শিক্ষার্থীদেরকে প্রতিকূল পরিবেশে পড়াশুনা করতে হয়। হাওর এবং পাহাড়ী অঞ্চলের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে হয়। বর্ষায় হাওরাঞ্চলে প্রচ- ঢেউ ডিঙিয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা। এই অবস্থায় হাওরে এবং পাহাড়ী অঞ্চলে আবাসিক স্কুল গড়ে তুলতে চাই আমরা। জায়গা ভাগ করে করে আবাসিক স্কুল গড়ে তুলতে পারলে শিক্ষার্থীদের হাওর পাড়ি দিতে হবে না। প্রশাসনসহ সকলে মিলে স্থান নির্ধারণ করে দিলে আমরা আবাসিক স্কুল করে দেব। তখন আর ঝুঁকি নিয়ে হাওরাঞ্চলের শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে না’।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণার পূর্বে সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘সুনামগঞ্জের হাওর এলাকা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি হাওর এলাকায় ঘুরেছি। একইভাবে পাহাড়েও গিয়েছি। আবাসিক স্কুল প্রতিষ্ঠার জন্য দুর্গম হাওর ও পাহাড়ি এলাকার কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সেখানে আবাসিক স্কুল গড়ে তোলা হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। একই সঙ্গে এসব এলাকায় ঝরে পড়া শিক্ষার্থীর হার কমবে।’
ছাত্রীদের ভালো ফলে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘শিক্ষার ক্ষেত্রে ছেলেমেয়ে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। এরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। একসময় মেয়েরা পিছিয়ে ছিল, এখন তারা এগিয়ে যাচ্ছে। সবাইকে এগিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘ডিজিটাল বাংলাদেশের কারণেই আজ এভাবে ঢাকা থেকে সুনামগঞ্জ ও কক্সবাজার দুইটি জেলায় সরাসরি কথা বলা সম্ভব হয়েছে। আমরা মতবিনিময় করতে পারছি।’
এসময় প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।
সুনামগঞ্জ থেকে এ সময় প্রধানমন্ত্রীকে নানা বিষয় অবহিত করে বক্তব্য দেন- জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
পরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস ছত্তার, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রুবাইয়া আলতাফ, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জয়ন্ত পাল, সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী আয়েশা ইসলাম ও আলহেরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মো. ইমরান সিকদার।
প্রধানমন্ত্রী রুবাইয়া, জয়ন্ত, আয়শা ও ইমরানকে ধন্যবাদ জানিয়ে বলেন,‘তোমাদের চমৎকার বক্তব্য শুনে আমি খুশি হয়েছি, ডিজিটাল বাংলাদেশ হওয়ার ফলেই এটি সম্ভব হয়েছে। তোমাদের মাধ্যমে আমি সুনামগঞ্জের সকল শিক্ষার্থীকে ¯েœহাশিষ জানাচ্ছি’।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ- মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, পুলিশ সুপার হারুন অর রশিদ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আইনুর আক্তার পান্না, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়রত আলী প্রমুখ।

  • [১]