স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ৮ টি গুরুত্বপূর্ণ সেতু’র প্রকল্প প্রস্তাবনা আগামীকাল বৃহস্পতিবারের একনেক বৈঠকে অনুমোদন হতে পারে। একনেক সভায় অনুমোদিত হবার পর এলজিইডি সেতুগুলোর দরপত্র প্রক্রিয়া শুরু করবে। সেতুগুলো হচ্ছে দিরাইয়ের কাজুয়া নদীর উপর সেতু, তাহিরপুরের যাদুকাটা নদীর উপর সেতু,
পাটলাই নদীর উপর সেতু, ছাতকের চেলা নদীর উপর সেতু, ধর্মপাশা উপজেলার মধ্যনগরের উবদাখালি নদীর উপর সেতু, সুমেশ্বরী নদীর উপর কাইতকান্দা সেতু, বুরাইয়া নদীর উপর সেতু ও বৌলাই নদীর উপর সেতু।
এলজিইডি সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বড়ছড়া-চারাগাঁও-বাগলী শুল্কবন্দরসহ সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য পাহাড়ী নদী যাদুকাটায় সেতু নির্মাণের প্রতিশ্রুতি ছিল। সেই অনুযায়ী যাদুকাটায় সেতু নির্মাণ প্রকল্প এলজিইডি সদর দপ্তরে পাঠায় এলজিইডি। মধ্যনগরের সঙ্গে ধর্মপাশার যোগাযোগ স্থাপনের জন্য উবদাখালি নদীর উপর সেতু, একইভাবে মধ্যনগর থেকে বংশিকু-া দক্ষিণ হয়ে মহেষখলা বড়ছড়া সড়ক যোগাযোগ স্থাপনের জন্য সুমেশ্বরী নদীতে সেতু, ধর্মপাশা-জামালগঞ্জ সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বুরাইয়া নদীর উপর সেতু, ধর্মপাশা থেকে মান্নানঘাট হয়ে জামালগঞ্জ সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বৌলাই নদীর উপর সেতু, দিরাইয়ের সঙ্গে মার্কুলির সড়ক যোগাযোগ স্থাপনের জন্য কাজুয়া নদীর উপর সেতু, ছাতকের মঙ্গলপুর-আনুজানি সড়কের সেলা নদীর উপর সেতু এবং বড়ছড়া-চারাগাঁও-বাগলীসহ সীমান্ত এলাকার সঙ্গে তাহিরপুর সদর, বাদাঘাট এবং কাউকান্দির যোগাযোগ সড়কের জন্য ডাম্পের বাজার সংলগ্ন পাটলাই নদীতে সেতু নির্মাণের দাবি বহুদিনের।
এই ৮ টি গুরুত্বপূর্ণ সেতু’র প্রকল্প প্রস্তাবনা এলজিইডি’র সদর দপ্তর থেকে সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ে এই প্রকল্পগুলো অনুমোদিত হবার পর একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। দেশের বিভিন্ন এলাকার আরো কিছু গুরুত্বপূর্ণ সেতুও একইভাবে একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় আছে।
মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল দেশের বাইরে থাকায় ঐ সভা ২ দিন পিছিয়ে বৃহস্পবিার সকালে নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবারের সভায় সুনামগঞ্জের এই ৮ টি সেতুসহ দেশের অন্য সেতুগুলোর অনুমোদন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং এলজিইডি’র গুরত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আল্লাহ্ হাফেজ বলেন,‘মঙ্গলবার একনেক সভা হয়নি। বৃহস্পতিবার হবে সভা। আমরা যে টুকু জানি ঐ দিন সুনামগঞ্জের ধর্মপাশায় ৪ টি, দিরাইয়ে ১ টি, ছাতকে ১ টি এবং তাহিরপুরে ২ টি সেতু’র নির্মাণ প্রকল্প অনুমোদিত হতে পারে’।