- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে উদীচীর উদ্যোগ/ বই পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের অনেক শিক্ষার্থীর বইখাতাসহ শিক্ষা সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। বইপত্র না থাকায় বিপাকে পড়েছেন এসব শিক্ষার্থীরা। বন্যার সময় পড়াশোনা বন্ধ ছিল। বন্যার পরও একই অবস্থা। পড়াশুনায় বিপাকে পড়া এসব শিক্ষার্থীদের মঙ্গলবার বিকালে নতুন বই দিয়েছে সুনামগঞ্জ জেলা উদীচী। ৪২ শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
শহীদ মুদ্ধিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী চত্বরে এই বই বিতরণ অনুষ্ঠান হয়। নতুন বই হাতে পেয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মৌসুমী আক্তার বললেন, বন্যায় পানিতে তলিয়ে সব বই নষ্ট হয়ে গেছে। চিন্তিত ছিলাম, বই কেনাও সম্ভব হচ্ছিল না। উদীচী সেই দুশ্চিন্তা দূর করে দিলো।
সুনামগঞ্জ মহিলা কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরবানু আক্তার বললেন, আসবাবপত্রসহ সবকিছুই নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং ইতিহাস প্রথম ও দ্বিতীয়পত্র বানের পানিতে নষ্ট হয়। উদীচী সেই বইগুলো কিনে দেওয়ায় খুবই খুশী হয়েছে। বই উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জালাল সুমন, জেলা উদীচীর কার্যনির্বাহী সদস্য মানব চৌধুরী, আরতি পাল, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদ মনি, কোষাধ্যক্ষ নাহিদ আল নেওয়াজ, সম্পাদকমন্ডলির সদস্য বাসনা পাল, ইফতেখার পিয়াল, নোভা চৌধুরী প্রমুখ।

  • [১]