স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল সোমবার ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে স্বেচ্ছাসেবার প্রসার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই প্রশিক্ষণ হয়। এতে টিআইবির অনুপ্রেরণায় গঠিত স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) ও তরুণদের সংগঠন ইয়েস ফ্রেন্ডসের সদস্যরা অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সনাকের সভাপতি মো. গোলাম কিবরিয়া, সনাক সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়, সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিয়াউর রহমান।
মো. গোলাম কিবরিয়া তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের অগ্রগতির পথে প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। তাই রাষ্ট্রের সকল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষ সচেতন হলেই দুর্নীতি কমবে। এ জন্য দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। এই আন্দোলনে ব্যাপক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।