- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
নতুন বছরের প্রথম দিনে সুনামগঞ্জের ১৪৭৫ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৩৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট থেকে নবম শ্রেণির নতুন বই দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
শুক্রবার সকালে সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।করোনা মহামারির জন্য কোনো পাঠ্যপুস্তক উৎসব ছাড়াই অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হয়।
কয়েকটি বিদ্যালয়ে বই নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের মতো সকল শিক্ষার্থীই নতুন বই নিতে বিদ্যালয়ে এসেছেন। কিন্তু বিদ্যালয়ে এসে তারা জানতে পেরেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবল বই বিতরণ করা হবে।
জামালগঞ্জ উপজেলার মৌলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির বিন্দু তালকদার বলেন, কিছু অভিভাবক এসেছেন বই নিতে। স্বাস্থ্যবিধি মেনে তাদের হাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নতুন বই দেওয়া হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বই এখনও পাওয়া যায় নি।
মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিলয় দে সৌরভ বিদ্যালয়ে বই নেবার জন্য এসে, শূন্য হাতেই ফেরৎ গেছে। সৌরভ জানালো, শিক্ষকরা জানিয়েছেন সোমবারে নতুন বই পাবো তারা।
ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন বলেন, করোনা পরিস্থিতির জন্য প্রতিটি বিদ্যালয়কে বলা হয়েছে রুটিন করে বই দেয়ার জন্য। যারা আজকে বই পায় নি তাদের কয়েক দিনের মধ্যেই বই দেওয়া হবে।

  • [১]