- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে পাসপোর্ট অফিস ও বিদ্যুৎ প্রকল্প অনুমোদন

সু.খবর ডেস্ক
সুনামগঞ্জ সহ দেশের ১৭ জেলায় নতুন পাসপোর্ট অফিস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে একশ’ সাত কোটি টাকা। এছাড়াও সিলেট বিভাগের পল্লী এলাকায় নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নের লক্ষ্যে এক হাজার ৪১৭ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ‘সিলেট বিভাগের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ ও আরইবির সদর দফতরে ভৌত সুবিধাদির উন্নয়ন প্রকল্পে’র আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সিলেট বিভাগের পল্লী এলাকায় নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ সহ ৫ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে মোট সাতটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এই সাতটি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন ও একটি সংশোধিত। এসব প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারী অর্থায়ন ২ হাজার ৭৬৯ কোটি ৩৫ লাখ টাকা ও প্রকল্প সাহায্য ২ হাজার ৯৪৮ কোটি ৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৯ কোটি ৯৯ লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, সুনামগঞ্জ সহ দেশের লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা ও বরগুনা জেলায় এ নতুন পাসপোর্ট অফিস হবে। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এগুলোর নির্মাণ কাজ শেষ হবে। ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণের জন্যে ১০৭ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২ হাজার ৭৬৯ কোটি ৩৫ লাখ টাকা সরকার দেবে। সংস্থার নিজস্ব তহবিল ৯ কোটি ৯৯ লাখ এবং প্রকল্প সাহায্য পাওয়া যাবে ২ হাজার ৯৪৮ কোটি ৬ লাখ টাকা।
বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা যোগ দেন।

  • [১]