বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও একনেক সদস্য এমএ মান্নান এমপি হাওর-বাওরের জেলা সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ জানালে প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত পোষণ করেন। পরে অন্যান্য প্রসঙ্গের সঙ্গে এই বিষয়টিও সভার কার্যবিবরণিতে গৃহিত হয়।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ’ প্রকল্পসহ মোট তিন হাজার ৪শ’ ৮৮ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকায় শেরে বাংলানগরে এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভার শুরুতে একনেক-এর পক্ষ থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন-উইমেন এবং গ্লোবাল পার্টনারশীপ ফোরাম জেন্ডার ইকুয়েলিটি ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও গ্লোবাল পার্টনারশীপ ফোরাম এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।
সভা চলাকালে “পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন” প্রকল্পের আলোচনা শুরু হলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও গ্লোবাল পার্টনারশীপ ফোরাম এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করায় অভিনন্দন জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সুনামগঞ্জ জেলায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি বহুদিনের। ২০১০ সালে তাহিরপুরের জনসভায় ভাটি অঞ্চলের মানুষের এই দাবি’র প্রতি সমর্থন জানিয়ে ছিলেন আপনিও। মাননীয় প্রধানমন্ত্রী প্লিজ আপনি অনুগ্রহ করে সুনামগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণ করুন’। প্রধানমন্ত্রী এসময় বলেন, ‘সিলেট অঞ্চলে ধনাঢ্য প্রবাসীরা আছেন, তারাই তো এমন উদ্যোগ নিতে পারেন’। প্রতিমন্ত্রী এমএ মান্নান এসময় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি চেষ্টা করেছি। কাউকে সম্মত করাতে পারিনি।’ পরে প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক আছে সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হবে, আপনারা পরবর্তী উদ্যোগ গ্রহণ করুন।’
একনেক সভাশেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত সুমেশ্বরী নদীর নাব্যতা রক্ষায় নদীটিতে ড্রেজিংয়ের ব্যবস্থা গ্রহণ ও সুমেশ্বরী নদীর মূল্যবান বালু-সম্পদ কাজে লাগাতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নেত্রকোনার বিজয়পুরসহ আশপাশ এলাকার মূল্যবান চীনামাটি উত্তোলনে পরিবেশ ও প্রতিবেশের ওপর কিরূপ প্রভাব ফেলবে সে বিষয়টি গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘দেশের চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পটিতে নার্সিং কলেজ অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য দেশের প্রতিটি সেনানিবাসে প্রয়াস শিক্ষা প্রতিষ্ঠানের শাখা স্থাপনের জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দেন । এছাড়া সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে’।
একনেক সভায় মঙ্গলবার অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে “রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন প্রজেক্ট (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) (৩য় সংশোধন প্রস্তাব)” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩৯৯.৮৩ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩৫৩.৭২ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১০৪৬.১১ কোটি টাকা।
বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯২৭.৫২ কোটি টাকা। এর মধ্যে জিওবি ২১৪.০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৭১৩.৫২ কোটি টাকা।
শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দূর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়ক উন্নয়ন” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩১৬.০২ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।
“ঢাকার আজিমপুরে জুডিসিয়াল কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯৬.২২ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।
“পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৮৪.৪৬ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩১৬.৩৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২৬৮.০৮ কোটি টাকা।
সুরেশ্বর খাল পুনঃখনন ও নিষ্কাশন” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৯.০৬ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।
“কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট ব্রীজের সন্নিকটে ভুরুঙ্গামারী-মাদারগঞ্জ সড়ক পথকে দুধকুমার নদীর ভাঙ্গন হতে রক্ষা এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ হতে বজরা সিনিয়র মাদ্রাসা পর্যন্ত তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ (২য় সংশোধিত)” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৪.৮০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।
“ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রয়াস-এর উন্নয়ন ও সম্প্রসারণ (২য় পর্যায়)” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫০.২৯ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩০.১৬ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ২০.১৩ কোটি টাকা ।
একনেক বৈঠকে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সচিববৃন্দ, এবং পরিকল্পনা কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে একনেক সভায় আলোচনা প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘সুনামগঞ্জের মানুষের পক্ষ থেকে আমি বঙ্গবন্ধু’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী’র নিকট সবিনয়ে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী আমার অনুরোধের বাস্তবায়ন হবে বলায় আমি আনন্দিত। আমি ২৫ লাখ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছি। একনেক সভায় উপস্থিত প্রবীণ রাজনীতিবিদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অন্যান্য সদস্যরা আমার প্রস্তাব সমর্থন করেছেন। একনেক সভার কার্যবিবরণিতে সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’ তিনি বলেন,‘আমি চেষ্টা করবো স্বাস্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে’।