স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার দুটি পৌরসভা ও একটি ইউনিয়নের পুরো এলাকাসহ ১৫ টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে এসব এলাকায় লকডাউনের নির্দেশনা বাস্তবায়িত হবে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ দুপুর থেকেই পদক্ষেপ নেয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে এই পর্যন্ত ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন চার জন। সুস্থ হয়েছেন ১৩২ জন। এই অবস্থায় প্রশাসন জেলার দুইট পৌরসভা ও একটি ইউনিয়ন পূর্ণাঙ্গ, একটি পৌরসভা আংশিক ও ১১টি ইউনিয়নের কিছু অংশকে রেড জোন হিসেবে ঘোষণা করে। এগুলো হলো সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ পৌরসভা, ছাতক উপজেলার ছাতক পৌরসভা ও জাউয়া বাজার ইউনিয়ন পুরোটাই রেড জোন হিসাবে গণ্য হবে। এই উপজেলার কালারুখা ও গোবিন্দগঞ্জ ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক রেড জোন হবে। জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আংশিক রেড জোনের আওতায় পড়বে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, পুর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নের আংশিক এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার, দোয়ারাবাজার সদর ও মান্নারগাঁও ইউনিয়ন এবং বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের অংশ বিশেষ রেড জোনের আওতায় থাকবে।
সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেছেন, রেড জোনে সাধারণ ছুটি থাকবে ২১ দিন অর্থাৎ ৭ জুলাই পর্যন্ত। তবে সংশ্লিষ্ট অফিস, দপ্তর নিজেদের কার্যপরিধি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যান্য কার্যক্রম কোভিড- ১৯ জাতীয় প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, মঙ্গলবার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় রেড জোন এলাকা ঘোষণা হয়েছে। সিভিল সার্জন এই বিষয়ে কী কী করণিয় চিঠি দিয়ে সংশ্লিষ্টদের জানাবেন।