- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর জাতীয় যাদুঘরের সঙ্গে যুক্ত হলো

স্টাফ রিপোর্টার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরকে জাতীয় যাদুঘরের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি এসে পৌঁছেছে।
প্রসঙ্গত. প্রায়  
 দেড়’শ বছরের পুরোনো এক সময়ের কালেকটরেট ভবনের আসাম প্যাটার্নের ঘরটি পরিত্যাক্ত হয়ে পড়েছিল। এই প্রাচীন ঐতিহ্য ধরে রাখা এবং সুনামগঞ্জের সংস্কৃতিসহ সকল ঐতিহ্য তুলে ধরতে ‘সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর’র যাত্রা শুরু হয়েছিল।
শুরুর সময় সুনামগঞ্জের কৃতী সন্তান বর্তমানে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছিলেন, ‘এই যাদুঘর একসময় সুনামগঞ্জের হৃদয় হিসাবে গড়ে ওঠবে’।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘এই বিষয়ে কয়েকবারই অনুরোধ পত্র পাঠিয়েছি আমরা। যেখানেই সুযোগ পেয়েছি বলেছি, শেষ পর্যন্ত শনিবার এই বিষয়ে আমরা চিঠি পেয়েছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরকে জাতীয় যাদুঘরের সঙ্গে সম্পৃক্ত করার সদয় সম্মতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী’।
সুনামগঞ্জ শহরের ডিএস রোডের প্রায় দেড়’শ বছর আগের এসডিও কোর্টের (পুরাতন কালেক্টরেট ভবন) এজলাসই ছিল আসাম প্যাটার্নের ঘরের সবচেয়ে বিলাস বহুল ঘর। কাঠের পাঠাতনের উপর নির্মিত এই প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং একই সঙ্গে এই ঘরের মূল প্যাটার্ন ঠিক রেখে প্রয়োজনীয় সংস্কার এবং ভেতরে আরো নান্দনিক করে সুনামগঞ্জের নানা ঐতিহ্য এখানে উপস্থাপন করা হয়েছে। গত বছরের ৩০ জানুয়ারি এই ঐতিহ্য যাদুঘরের উদ্বোধন করেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। যাদুঘরটি’র প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কক্ষ, মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, পরিবেশ ও প্রকৃতি এবং জীবন-জীবিকা তুলে ধরার জন্য আলাদা আলাদা নামে আলাদা আলাদা কক্ষ, অফিস কক্ষ এবং টিকেট কাউন্টার করা হয়েছে।

  • [১]