স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার ৩৩ কেভি নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়েছে। এ কারণে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। রবিবার ভোরে কালবৈশাখি ঝড়ে সুনামগঞ্জ- জামালগঞ্জ সড়কের বড়ঘাট এলাকায় লাইন সহ ১৩ টি খুঁটি ভেঙে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের দায়িত্বশীলরা জানান, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য সুনামগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে এই সংযোগ লাইন নির্মাণ করা হচ্ছিল। কিন্তু চালুর আগেই রবিবার ভোরে ঝড়ে ১৩ টি খুঁটি ভেঙে পড়ে। সড়কে খুঁটিগুলো পড়ায় সুনামগঞ্জ-সাচনা-জামালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই পল্লীবিদ্যুতের কর্মীরা সড়ক থেকে খুঁটি ও তার অপসারণের কাজ শুরু করেছেন।
বড়ঘাট গ্রামের বাসিন্দা নূরুল আমিন বলেন, খুঁটিগুলো খুবই দুর্বল। এ কারণে সামান্য সময়ের ঝড়ে ১৩টি খুঁটি ভেঙে পড়েছে। নুরুল আমিন বললেন, এখন ধান কাটা মাড়াইয়ের সময়, ধান কেটে বাড়িতে আনতে সমস্যা হচ্ছে মানুষের। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৩ টা) খুঁটি অপসারণের কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। পথচারীরা পড়েছেন দুর্ভোগে।
ঠিকাদার মাসুক মিয়া বলেন, আমার কাজ ছিল বিদ্যুৎ সঞ্চালনের তারগুলো বসানো। অন্য ঠিকদার খুঁটি বসানোর কাজ করেছে। আমি গত ২৭ মার্চ আমার কাজ শেষ করেছি। ঝড়ে ১৩টি খুঁটি তার সহ ভেঙে পড়েছে।
পল্লীবিদ্যুতের নির্বাহী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন ভূইয়া জানালেন, এটি তাদের ৩৩ কেভির নির্মাণাধীন লাইন। এখনো বিদ্যুৎ সরবরাহ হয়নি। ঝড়ে ১৩ টি খুঁটি ভেঙে গেছে। সড়ক থেকে তার ও খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে।