- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট- আজ একনেকে উঠতে পারে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের বিষয়টি চূড়ান্ত হচ্ছে বলে জানা গেছে। ‘সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন’ নামে একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাবনা বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে গত ৬ এপ্রিল অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবনায় একটি পূর্ণাঙ্গ ও আধুনিক টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের জন্য ৯৭ কোটি একুশ লক্ষ পচাশি হাজার টাকা অর্থায়নের প্রস্তাব করা হয়েছে। আজ অনুষ্ঠিতব্য একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। দেশের তৈরি পোশাক খাতে মধ্যম মানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদের প্রচুর চাহিদা থাকায় দক্ষ জনবল তৈরি করে দেশের বস্ত্রখাতকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এই ধরনের একটি ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি আধা-সরকারি পত্র লিখেছিলেন। সুনামগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের উদ্যোক্তা শিল্পপতি শ্যামল রায় দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘সুনামগঞ্জে এ ধরনের কোন প্রতিষ্ঠান নেই।   
 এর মাধ্যমে সুনামগঞ্জ অঞ্চল থেকে পোশাক শিল্প খাতে প্রচুর পরিমাণে মধ্যম মানের ব্যবস্থাপক, উৎপাদক ও জনবল তৈরি হবে। এতে পশ্চাদপদ এই জেলার তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই শিক্ষিত জনগোষ্ঠীর হাত ধরে একটা সময়ে সফল উদ্যোক্তাশ্রেণিও গড়ে উঠবে যারা সম্ভাবনাময় সুনামগঞ্জ অঞ্চলকে পোশাক উৎপাদনের এলাকায় পরিণত করবেন।’ উল্লেখ্য পোশাক শিল্পখাতের বিশিষ্ট উদ্যোক্তা শ্যামল রায় সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়ার সন্তান। তিনি সুনামগঞ্জে এই ধরনের একটি কারিগারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য গত তিন বছর ধরে কাজ করে চলেছেন। এই কাজে শুরু থেকেই তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও সাবেক বস্ত্রসচিব ফনিভূষণ চৌধুরীর সহযোগিতা পাওয়ার কথা তিনি কৃতজ্ঞতাভরে স্মরণ করেছেন।     

  • [১]