স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৭২ ঘণ্টার পরিহবন ধর্মঘটের কারণে মঙ্গলবার সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। চলাচল করেনি পন্যবাহী ট্রাকও। তবে সুনামগঞ্জ-সিলেট সড়কে যাত্রীবাসী বাস চলাচল করেছে।
সুনামগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকেরা জানান, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সিলেট থেকে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার এই পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জে শুধু ট্রাক ও দূরপাল্লার বাস চলেনি। অন্যান্য যানবাহন চলাচল করেছে।
সুনামগঞ্জে দূরপাল্লার একটি পরিবহন সংস্থার একজন ব্যবস্থাপক জানান, এই ধর্মঘটের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে সুনামগঞ্জ থেকে যেসব বাস যাত্রী নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যায় সেগুলো সিলেট হয়ে যেতে হয়। সিলেটে সমস্যা হতে পারে, এটা ভেবে তারা বাস ছাড়েননি। তিনি জানান, সুনামগঞ্জে অন্যান্য যানবাহন চলাচল করছে। শুধু ট্রাক ও দূরপাল্লার বাস ছাড়া। নাজমুল হাসান নামের এক পরিবহন ব্যবসায়ী বলেন, যেহেতু সিলেটে ধর্মঘট চলছে তাই আমরা সুনামগঞ্জ থেকে যদি বাস ছাড়ি তাহলে সিলেটে সমস্যা হতে পারে। সেখানে বাসগুলো আটকানো হবে। তাই মঙ্গলবার সকাল থেকে যাত্রী থাকলেও সুনামগঞ্জ থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা না আসলে নিরাপত্তার কারণেই আমরা বাস ছাড়ব না।
সুনামগঞ্জ বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সিলেট বিভাগজুড়ে ধর্মঘট হলেও মঙ্গলবার সুনামগঞ্জ-সিলেট সড়কে আমাদের যাত্রীবাসী বাস চলাচল করেছে। বুধবার চলবে কি-না এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রাতে এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে। পরে সিদ্ধান্ত জানা যাবে।