- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়ক সংস্কারের প্রকল্প তৈরিতে কত দিন লাগবে?

সুনামগঞ্জ-দোয়ারাবাজার রাস্তার দৈর্ঘ মাত্র ১৮ কিলোমিটার। এই দূরত্ব প্রচলিত সিএনজিতে মাত্র আধ ঘণ্টা সময়েই অতিক্রম করা যায়। কিন্তু এই আধা ঘণ্টার স্থলে এখন সময় লাগছে সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা। শুধু দ্বিগুনের চাইতে বেশি সময় লাগার বিড়ম্বনাই নয়। যাত্রীদের সহ্য করতে হয় সীমাহীন শারীরিক কষ্ট। এই রাস্তায় গাড়ি চলে খসে যাওয়া পিচের উপর দিয়ে, পিচের পরিবর্তে রাস্তায় ছড়ানো পাথরের উপর দিয়ে। আর সবচাইতে বেশি যেটি দুর্ভোগের কারণ সেটি হলো পথিমধ্যে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এসব গর্ত ও খানাখন্দ পেরোতে গাড়ির তীব্র ঝাঁকুনিতে যাত্রীরা অসহ্য যন্ত্রণা ভোগ করেন। বিশেষ করে বয়স্ক, মহিলা ও শিশু যাত্রীদের দুর্ভোগ অবর্ণনীয়। গত দুই/আড়াই বছর যাবৎ এই রাস্তার এমন অবস্থা। বহুবার গণমাধ্যমে এই রাস্তা নিয়ে সংবাদ ছাপা হয়েছে। কিন্তু টনক নড়েনি কর্তৃপক্ষের। সবচাইতে অবাক বিষয় হলো এ নিয়ে দায়িত্বশীল মহলের মাথা ব্যথা একেবারেই নেই। কার্যত রাস্তা সংস্কারে এখন পর্যন্ত কোন উদ্যোগই দেখা যাচ্ছে না। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংবাদে উদ্ধৃত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য থেকে জানা যায় দুর্দশাগ্রস্ত এই রাস্তাটি সংস্কারের কোন প্রকল্পই নেই তাদের হাতে। এর সরলার্থ হলো আরও কয়েক বছর এমন ভোগান্তি সহ্য করে যেতে হবে সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার ও ছাতকগামী যাত্রীদের।
দোয়ারবাজারের সাথে সড়ক যোগাযোগ স্থাপনের পর অর্থাৎ সুনামগঞ্জ-আমবাড়ি-দোয়ারাবাজার সড়ক নির্মাণের পর দোয়ারাবাজারে চাকুরি করেন এমন অনেকেই জেলা শহরসহ বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন গিয়ে অফিস করেন। এসব চাকুরিজীবিদের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন অনেক। এমন অনেক ব্যবসায়ী আছেন যারা শহরের বাসায় থেকে দোয়ারাবাজার গিয়ে ব্যবসা পরিচালনা করেন। কিন্তু এইসব ব্যক্তিরা সড়কের দুর্দশাগ্রস্ত অবস্থার কারণে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় এসে দাঁড়িয়েছেন। তাদের অনেকেই বলছেন যে, এই কষ্টকর নৈমিত্তিক যাতায়াতে তারা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের ক্ষোভ এলাকার জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে। এইসব নিত্য দিনকার যাত্রীরা মনে করছেন জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে সড়কটি সংস্কারের উদ্যোগ না নেয়ার কারণেই বছরের পর বছর যাবৎ রাস্তাটি এমন করুণ দশায় পড়ে আছে। ভোক্তভোগীদের এইসব অভিযোগ উপেক্ষা করার উপায় নেই। কারণ তাদের দৈনন্দিন জীবনে সঞ্চিত এইসব অভিজ্ঞতা বেরিয়ে আসছে অসহ্য যন্ত্রণার বহিঃপ্রকাশ হিসেবে। যাত্রীদের এই আর্তি কবে অনুভব করবেন সংশ্লিষ্টরা?
সড়ক ও জনপথ বিভাগ যেভাবে প্রকল্প না থাকার দোহাই দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন সেটিকে কোনভাবেই আমরা সমর্থন করতে পারি না। জেলা সদর থেকে গুরুত্বপূর্ণ দুইটি উপজেলার সংযোগ স্থাপনের এই সড়কটির একটি অংশ কয়েক বছর যাবৎ বেহাল দশায় পড়ে থাকার পরও কেন তারা সংস্কারের কোন প্রকল্প প্রণয়ন করেননি, এই প্রশ্নটি নিশ্চয়ই আমরা করতে পারি। তাদের নিয়ন্ত্রনাধীন সড়কগুলো সংস্কারের দায়িত্বও তাদেরই। এতদিন কোন প্রকল্প প্রণয়ন ও বরাদ্দ আনার ব্যবস্থা গ্রহণ করতে না পারা নিশ্চয়ই তাদের কোন কৃতিত্বের পরিচয় বহন করে না। একটি গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে এমন অবহেলা ও অনীহা দেখানোয় আমরা ব্যথিত।
দোয়ারাবাজার সুরমা নদীতে মুক্তিযোদ্ধা সেতু নির্মাণের দাবি উঠেছে জোরেসুরে। এই সেতু নির্মাণের যৌক্তিকতা প্রমাণের জন্য লিংকেজ সড়কগুলোর উন্নয়ন দরকার সর্বাগ্রে। সুতরাং দুর্দশাগ্রস্ত সড়কটি সংস্কারে শক্ত অবস্থান গ্রহণের জন্য আমরা দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাই।

  • [১]