- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা/ নান্দনিক শহরের স্বপ্ন দেখছি-নাদের বখ্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভায় নতুন কোন করারোপ ছাড়াই ১০৪ কোটি ৩৭ লাখ পাঁচ হাজার টাকা’র বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে পাঁচ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার টাকা। রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার মেয়রের কক্ষে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণার সময় দেওয়া বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত বলেন, সকলক্ষেত্রে ডিজিটাল সেবা, শিক্ষাবৃত্তি, দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক, নারী উন্নয়ন, পরিচ্ছন্ন শহর, ড্রেনেজ সমস্যার সমাধান এবং সড়ক উন্নয়নের মাধ্যমে নান্দনিক সুনামগঞ্জ গড়ার স্বপ্ন দেখছি আমরা। তরুণ কাউন্সিলরগণসহ পৌর পরিষদের চেষ্টা এবং সকল শ্রেণি পেশার নাগরিকদের সহযোগিতা নিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে চাই আমরা।
পৌর মেয়র বলেন, একটি আধুনিক পৌর পার্ক, সুইমিং পুলসহ দুটি সড়ককে দৃষ্টিনন্দন করার স্বপ্ন আছে এই অর্থ বছরেই। সড়ক দুটির একটি হচ্ছে মমিনুল মউজদীন সড়ককে দুইলেনে উন্নীতকরণসহ আরও দৃষ্টিনন্দন করা এবং আলফাত স্কয়ার থেকে কাজীর পয়েন্ট পর্যন্ত সড়ককে ৫০ থেকে ৫৫ ফুট পর্যন্ত প্রশস্তকরণ। তিনি বলেন, এজন্য শহরবাসীর অকুণ্ঠ সমর্থণ প্রয়োজন। আশা করছি সেটি আমাদের পৌর পরিষদ পাবে।
এর আগে বাজেটের আয় ব্যয়ের ব্যাখ্যা দিতে গিয়ে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস জানালেন, রাজস্বখাতে এ বছর আয় আশা করা হচ্ছে ১৯ কোটি ৬২ লাখ পাঁচ হাজার টাকা এবং উন্নয়ন খাত হতে আয় দেখানো হয়েছে ৮৪ কোটি ৭৫ লাখ টাকা। উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে পার্ক নির্মাণ ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্য রয়েছে।
বাজেট ঘোষণার সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চান মিয়া, পৌর কাউন্সিলর আবাবিল নূর, গোলাম সাবেরীন সাবু, চঞ্চল কুমার লৌহ্, মোশারফ হোসেন, আহসান জামিল আনাছ, গোলাম আহমদ, সামিনা বারী মণি প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]