- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ পৌর শহরে রবিবার থেকে বিশেষ ওএমএস

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসজনিত কারণে ঘরে নিম্ন আয়ের ও কর্মহীন মানুষের জন্য সুনামগঞ্জ শহরে বিশেষ ওএমএস চালু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষ এই চাল ক্রয় করতে পারবেন। সুনামগঞ্জ পৌরসভায় ৯ জন ডিলার এই চাল বিক্রি করবেন।
ডিলাররা হলেন- শহরের হাসননগর পয়েন্টে তৌহিদ রশিদ চৌধুরী, পুরাতন বাসস্টেশনে কেবি মোর্শেদ, বড়পাড়ায় আব্দুল মতিন, পুরাতন জেল রোডে মো. মঈনুল ইসলাম, ময়নার পয়েন্টে পংকজ চৌধুরী, তেঘরিয়ায় মো. মিজানুর রহমান, উকিলপাড়ায় বিধান চন্দ্র দাস, ষোলঘর পয়েন্টে আব্দুল হাদী, নতুনপাড়ায় রতন লাল ধর।
তবে ভোক্তারা খাদ্য বান্ধব অথবা ভিজিডি কর্মসূচির উপকারভোগী হয়ে থাকলে তিনি এই কর্মসূচির আওতায় অন্তর্ভূক্ত হতে পারবেন না। চাল ও আটা কিনতে ভোক্তাদের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, সুনামগঞ্জ শহরের ঘরে থাকা নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এই বিশেষ ওএমএ চালু করা হয়েছ। একটি পরিবারের জন্য সপ্তাহে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কেনা যাবে। এজন্য ভোক্তা বা সুবিধাভোগীকে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।

  • [১]