স্টাফ রিপোর্টার
‘কবিতা’ হলো কবি ও পাঠকের ভাবনা-বিনিময়ের মাধ্যম। এই বিনিময় যেমন চৈতন্যের সঙ্গে বিষয়ের, তেমন ঘটনাপুঞ্জের সঙ্গে সময়ের এবং কল্পনার সঙ্গে মনীষার, শিল্পের সঙ্গে শিল্পমননের। কবির সঙ্গে পাঠকের সম্পর্ক দূরবর্তী হলেও ‘শুদ্ধতম কবি’ শিল্পিত ঐক্য রক্ষা করেই পাঠকের অন্তরে প্রবেশ করেন। শব্দের বহুমাত্রিক প্রয়োগগুণে পাঠক-মনে অভিঘাত সৃষ্টি করে। সে অভিঘাতে কবিতাকে পাঠকের আগ্রহের বিষয়ে পরিণত করতে আজ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘আমার পরিচয়’
শিরোনামে আবৃত্তি পরিবেশনা করবে সুনামগঞ্জ প্রসেনিয়াম। সন্ধ্যা ৬ টায় নির্বাচিত ১৫ টি কবিতা নিয়ে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আবৃত্তি পরিবেশনা।
সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয় বলেন, ‘একটা সময় ছিল কবি, আবৃত্তি শিল্পী ও কবিতা প্রেমীদের দাপটে সুনামগঞ্জ কবিতার শহর হিসেবেই বেশি পরিচিত ছিল। কোন উৎসব বা দিবস উদযাপনে কবিতার আবৃত্তি ছিল প্রধান উপাদান। কিন্তু হঠাৎ করেই কোন এক অজানা কারনে আবৃত্তি হতে থাকে অবহেলিত। তাই এবার নাটকের পাশাপাশি আমাদের আবৃত্তির আয়োজন’।