- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ সদর হাসপাতাল- গাইনী চিকিৎসক নেই তাই সিজার হচ্ছে না

বিন্দু তালুকদার
গত একমাস ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালে গাইনী চিকিৎসক নেই তাই সিজার হচ্ছে না। চিকিৎসক সংকটের কারণে এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। চিকিৎসক সংকট দ্রুত নিরসনের জন্য জেলা আইনশৃংখলা সভায় জোরালো আলোচনা হলেও সংকট থেকে উত্তরণের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত ২৭ তারিখ একজন গাইনী চিকিৎসককে সিলেট থেকে সুনামগঞ্জে পদায়ন করা হলেও তিনি গতকাল রবিবার পর্যন্ত যোগদান করেন নি।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর জেলা আইন শৃংখলা বিষয়ক সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম সদর হাসপাতালে গাইনী চিকিৎসক সংকট ও রোগীদের ভোগান্তির বিষয়টি উত্থাপন করেন।
সভায় উপস্থিত সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে গাইনী চিকিৎসক না থাকায় সিজার করা সম্ভব হচ্ছে না। সংকট নিসরণে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।
কিন্তু গত একমাসেও সদর হাসপাতালের গাইনী চিকিৎসক সংকট দূর     করা সম্ভব হয়নি। গতকাল রবিবার জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় গত মাসিক সভার কার্যপত্রে উল্লেখ করা হয়,‘অগ্রগতির কোন প্রতিবেদন পাওয়া যায় নি।’
সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ গাইনী বিভাগের চিকিৎসক অবসরে যাওয়ার পর গত মাসের ২৭ তারিখ থেকে এই পদটি শূন্য রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক না থাকায় সিজার করা হচ্ছে না। তবে আপদকালীন পরিস্থিতিতে আমরা সিজার করছি। সিলেট থেকে একজন গাইনী চিকিৎসককে সুনামগঞ্জে বদলী করা হয়েছে, তিনি এখনও যোগদান করেন নি। আমরা আশা করছি তিনি শীঘ্রই যোগদান করবেন এবং রোগীদের দুর্ভোগ লাঘব হবে।  ’

  • [১]