- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ-সিলেট সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
দেশের একশ নতুন যোগাযোগ সড়কের সঙ্গে বুধবার সুনামগঞ্জ-সিলেট সড়কের নির্মাণ বা উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের এসব সড়ক উদ্বোধন করেছেন। সড়কগুলো গেল তিন বছরে মেরামত বা নির্মাণ হয়েছে। একশ সড়কের বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল, খুলনার সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুনামগঞ্জ-সিলেট সড়কের ৪৬ কিলোমিটার অংশ ১৮ ফুট থেকে ২৪ ফুটে প্রশস্তকরণ, শান্তিগঞ্জ, পাগলা, ডাবর পয়েন্ট, জাউয়া বাজার ও গোবিন্দগঞ্জ বাজার অংশের আরসিসি ঢালাইয়ের কাজ সমাপ্ত হয় ২০২০ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। ব্যয় হয় ৯২ কোটি টাকা। গেল জুনের বন্যায় এই সড়কের আহসানমারা সেতুর এপাশ ও ওপাশসহ সড়কের বেশ কিছু অংশ ঢেউয়ে ভেঙে যায়। সদরপুর সড়কের অ্যাপ্রোচ ভেঙে বিপদজনক হয়ে পড়ে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জরুরি মেরামত করে সড়কটি চালু রাখা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় দেশের একশ সড়কের সঙ্গে এটিও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন প্রমুখ।

  • [১]