কুমার সৌরভ
হাওরের বুক চিড়ে দাঁড়িয়ে যে জনপদ
ফেনিল সাগর যেখানে বিমূঢ় মুগ্ধতায়
শনির হাওরের আঁছড়ে পড়া ঢেউকে
সেনাপতি মনে করে কুর্ণিশ জানায়
সে আমার জন্মভূমি সুনামগঞ্জ।
এখানে অবারিত জলপ্রান্তরে
গরিমায় ঘুরে হাঁসের পাল
মাছেরা খেলাচ্ছলে জলের তলে
গুল্ম লতা উদ্ভিদের সাথে মাতে
প্রণয় লীলায়
এখানে আকাশ বড় উদার রঙ তুলি ক্যানভাসে
শকুন বসে যখন করসের ডালে তখনও
টাঙুয়ার অপরূপ আকাশ চাদুয়া
বিলোয় ঝিরিঝিরি বায়ুর অপার শান্তি
দূরাগত শীতের পাখির সাথে
আমাদের পানকৌড়ি শালিখ তুলতুলে চড়ুই
কী সখ্যতায় বানায় জলের ভুগোল।
এখানে রূপালী জলের পরে আসে ধানের সবুজ
পলিজমা মাটির মমতায় স্বপ্ন বুনে অদম্য কৃষক
বোশেখের দিগন্ত রাঙায় স্বর্ণালী বিভায়
নিজের গোলায় না উঠুক ধান, গন্ধেই পুলক
এমন সংগ্রামী তারা পাহাড়ি ঢল রুখে দেয়
অমিত সাহসে।
এখানে একজন ধ্যানমগ্ন সঞ্জয় রচেন মহাভারত
একজন শ্রী চৈতন্য গেয়ে উঠেন মিলনের গান
একজন শারপিন ডেরা বাঁধেন পাহাড়চূড়ায়
নলুয়ার হাওরের নির্জন মন্দিরে ব্যাকুল রাধারমণ
খুঁজে পান কৃষ্ণ রাধিকারে
হাসনরাজার বজরায় দিলারামের নুপুর ঝংকারে
এখনও পাগল হয় ভরা পূর্নিমার সুরমা
করিম শাহ উজানধলে খুঁজে ফেরেন হারানো দিন
তার ময়ুরপঙ্খী এখনও বয়ে যায় সমতার সন্ধানে।
এখানে রবিদাম আসেন ঝঞ্ঝার মতো
কাপুরুষ কাড়ে তার প্রাণ
মাথা নুয়ানো নয় সংগ্রাম দুর্বার
আসে জগৎজ্যোতি বীর তালেব
নির্ভয় তুচ্ছ করে প্রাণ।
আকাশের গায়ে খচিত তারার মতোন
এখানে শাপলা ফুটে জলের আঁচলে
বালিকার লাল টিপের মতো নদীর রেখা
বালুর চরকে আদরে ভাসায়।