- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনির্দিষ্ট নয়, আছে ঢালাও মন্তব্য

বিশেষ প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের কাজ কোন বছরই সময় মত শুরু এবং শেষ হয় না। ডিজাইন অনুযায়ী কাজ বাস্তবায়ন হয় না এবং ডিজাইন সম্পর্কে সুশীল সমাজ ও উপকারভোগী জনসাধারণকে কোন ধারণা দেয়া হয় না বা তাদের সম্পৃক্ত করা হয় না। বাঁধ তৈরির ক্ষেত্রে কোন কম্পেকশন করা হয় না। বাঁধে কোন ঘাস লাগানো হয় না উল্লেখ করা হলেও এই বছর কোন কোন ঠিকাদার সময়মত কাজ শুরু করেনি, কোন ঠিকাদার কতভাগ কাজ করেছে তার তথ্য উল্লেখ করা হয়নি। মন্তব্য বা সুপারিশ অনেকটা ঢালাও হয়েছে।
তদন্ত প্রতিবেদনে হাওরবাসী’র বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে,‘পুরানো বাঁধের কাছ থেকে মাটি কেটেই বাঁধের উচ্চতা বৃদ্ধি করা হয়, এতে মূল বাঁধ হুমকীর সম্মুখীন হয়। কোন রকমে সরু আকারের বাঁধ দিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত পানি ঠেকানোর চেষ্টা করে এবং ফসল উঠে গেলে যখন বাঁধ ডুবে যায়, তখন একশত ভাগ বিল করে টাকা ভাগাভাগি করা হয়। রি-সেকশনিং এর নামে যেখানে বাঁধের সেকশন ভালো থাকে সেখানেই কাজ নেয়া হয় এবং বাঁধের ঘাস কর্তন করে মাটি কুপিয়ে চাকা ভেঙে দেখানো হয় মাটি ফেলেছেন; বাস্তবে কোন মাটি ফেলা হয় না, বরং ভালো বাঁধকে আরো দুর্বল করা হয়। রি-সেকশনিং এর নামে ঠিকাদার যে কাজ করে তাতে সেকশন ডিজাইন অনুযায়ী না করা, কম্পেকশন না করা এবং ঘাস না লাগোনর কারণে বর্ষা শেষে সমস্ত লুজ মাটি ধুয়ে যায় এবং বাঁধের লেবেল নিঁচু হয়ে আবার পূর্বের অবস্থাতেই ফিরে আসে, মাঝখানে সরকারী অর্থের অপচয় হয়।’  
সুনামগঞ্জ জেলার বাহিরের যে সকল ঠিকাদার কাজ পায়, তাদের হাওর সম্পর্কে কোন ধারণা না থাকায়, তারা স্থানীয় প্রভাবশালীদের নিকট কাজ বিক্রি করে দেন এবং কখনই সাইটে আসেন না, বহু  হাত বদলও হয়। এছাড়া কাজ বিক্রির দর কষাকষিতে কাজ বাস্তবায়নের মূল সময় অনেকটা পার হয়ে যায়। এতে মাঠ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত।’
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়- দীর্ঘদিন যাবত পানি উন্নয়ন বোর্ডের একই বিভাগে কর্মরত থাকায় শাখা কর্মকর্তারা (এস.ও) নিজেরাই ঠিকাদার এর কাজ বস্তবায়ন করেন যা কাম্য নয় এবং এখানে অনিয়মের সুযোগ থাকে।
সুশীল সমাজ ও হাওর এলাকার জনসাধারণকে উদ্ধৃত করে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাওরের মাটির কাজে সুনামগঞ্জ জেলার বাহিরের ঠিকাদারদের অংশগ্রহণ কোন ইতিবাচক অবদান রাখে না বরং অহরহ নেতিবাচক প্রভাব রেখে চলেছে। যে সমস্ত নদী/খাল ভরাট হয়ে গিয়েছে সেগুলো ড্রেজিং/পুন:খনন করার বিষয়টি সর্বত্র গুরুত্বের সাথে বিবেচিত হওয়া দরকার। ভরাট হওয়া হাওর সমুহের তলদেশ খনন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা এবং ঐ স্থানে মৎস্য চাষের ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচ্য। বোর চাষে পরিবর্তন আনার বিষয়টি গুরুত্বপূর্ণ। যে সকল কর্মকর্তা এবং ঠিকাদারদের গাফিলতি, অনিয়ম ও দুর্নীতির কারণে হাওরবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি সর্বত্র উত্থাপিত হয়েছ্।ে
উপজেলা পরিষদের মাধ্যমে বাঁধের কাজ সম্পাদনের বিষয়টি এবং ‘জমি যার বাঁধ তার’ এই বিষয়টি জোরালোভাবে বিবেচনায় রাখার দাবি উত্থাপিত হয়েছে।
যে সকল ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, তাদেরও বিধি মোতাবেক শাস্তির আওতায় আনা জরুরী। শুকনো মৌসুমে প্রস্তাবিত কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঠিকাদারদের সকল বিল প্রদান বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
হাওর অধ্যুষিত ছয়টি জেলার নদী খাল ও হাওর সমূহ ক্যাপিটাল ড্রেজিং করা যেতে পারে। এই উদ্যোগের আওতায় সুনামগঞ্জের আবুয়া, নান্দিয়াগাঙ, পাটনাই গাঙ, নলজুড়ি, সোমেশ্বরী, পিয়াইন, মহাসিংহ, রক্তি, যাদুকাটা, আপার বৌলাই ও মরা সুরমা নদী খননের উদ্যোগ নেয়া যেতে পারে।
বাস্তব অবস্থার প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ডের দু’টি বিভাগ গঠন এবং কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় একটি উপবিভাগ স্থাপনের উদ্যোগসহ, বিশেষ করে শুকনো মৌসুমে কাজের সময় জনবল বৃদ্ধি করা যেতে পারে। বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর থেকে নিয়ামতপুর বাঁধ মেরামত ও সংস্কার এবং একই সাথে পার্শ্ববর্তী রূপসা নদী খনন করে সিল্ট এই বাঁধের কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এটি করচার হাওর অধ্যুষিত বিশ্বম্ভরপুরবাসী ও উপজেলা প্রশাসনের বিশেষ নিবেদন যা বিবেচনাযোগ্য।
জেলা সিপিবি’র সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার বলেন,‘তদন্ত প্রতিবেদনে সুশীল সমাজের উদ্ধৃতি দিয়ে বাঁধের কাজের অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। তবে কোন ঠিকাদার বা পিআইসি কতটুকু কাজ করেছে বা কতটুকু করেনি সেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। ঢালাওভাবে বলায় দুর্নীতিবাজদের রক্ষা পাওয়ার পথ তৈরি হয়েছে।’

  • [১]