স্টাফ রিপোর্টার
প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত’র দিরাই শহরের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ মামলার আসামী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ সোমবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের আদালতে হাজির হন। আদালত এই মামলা শুনানীর পরবর্তী তারিখ ধার্য্য করেছেন আগামী ৩০ অক্টোবর।
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। ঐ দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের
করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় জামিনে রয়েছেন দুই মেয়রই।
সোমবার দুপুরে আরিফুল হক চৌধুরী ও জিকে গউছ সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের আদালতে হাজির হয়ে নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আবেদন জানান, পবিত্র হজ্ব পালনে যেতে তাঁদের সময় দেবার জন্য। পরে আদালত আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।
আসামি পক্ষের শুনানিতে অংশ নেন অ্যাড. ফজলুল হক আসপিয়া, অ্যাড. মল্লিক মইনউদ্দিন আহমেদ সুহেল, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনুর আলী ও অ্যাড. আব্দুল হক প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি ড. অ্যাড. খায়রুল কবির রুমেন।