- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুরঞ্জিত সেনগুপ্ত হাসপাতালে

সু.খবর ডেস্ক
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা প্রবীণ রাজনীতিক, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে গুরুতর অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় বলে জানান সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক।
তিনি বলেন, ‘স্যারের অবস্থা সংকটাপন্ন, ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।’
রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন আওয়ামী লীগের বর্ষীয়ান এই রাজনীতিক। এর আগে তিনি গত মে মাসে শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাঝখানে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। সুরঞ্জিত দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।
সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি।  ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার  দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন। তবে সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করলেও তা গ্রহণ না করে সেই সময়ে তাকে মন্ত্রী হিসাবে রাখেন শেখ হাসিনা।

  • [১]