- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুরমায় গোসল করতে যেয়ে তেঘরিয়ার যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন পাবেল আচার্য (২৮) নামের শহরের ওয়েজখালী এলাকার এক ফার্মেসির কর্মচারী। তিনি শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার ৭ নং রোডের রংধনু ১ আবাসিক এলাকার মৃত গকুল চন্দ্র আচার্যের ছেলে। শনিবার বিকালে সুরমা নদীর ওয়েজখালী পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ পাবেল আচার্য ওয়েজখালী পয়েন্টের সুষমা ফামের্সিতে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় ও   পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে পরিচিত এক ছেলেকে ফার্মেসিতে বসিয়ে একা সুরমা নদীতে গোসল করতে যায় পাবেল আচার্য। এসময় নদীতে ডুব দিলে পানি থেকে আর উঠে আসেননি তিনি। নদীর তীরে উপস্থিত লোকজন বিষয়টি ফার্মেসি মালিক ও তার পরিবারকে জানায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পাবেলকে উদ্ধার করতে অভিযানে নামেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ও সদর থানা পুলিশ। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।
সদর থানার এসআই সাইফুর রহমান বলেন,‘নিখোঁজ যুবক পাবেল বিকালে একাই সুরমা নদীতে গোসল করতে নেমেছিল বলে জানা গেছে। স্থানীয়দের তথ্যমতে সে নদীতে ডুবে গেছে। তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক চেষ্টা করেছেন তবে সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।’  

  • [১]