- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুরমা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের উকিলপাড়ার সুরমা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের বিরুদ্ধে সেবার নামে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার রুমা বেগম নামের এক অন্তঃস্বত্তার বড় ভাই শহরের হাছননগর ময়নার পয়েন্টের কাবিল মিয়ার ছেলে শামীম মিয়া বুধবার জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
তবে অভিযোগ সঠিক নয় দাবি করে সুরমা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক জামাল উদ্দিন বাকের বলেন,‘ ওই রোগীর স্বজনদের অভিযোগ মিথ্যা। তারা রোগেীকে আমাদের ক্লিনিকে ভর্তিও করেনি। শুধু আলট্রাসনোগ্রাম করতে এসেছিল।  আলট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে তারা চলে গেছে। তাদের অভিযোগ আমাদের আলট্রাসনোগ্রামকারী ডাক্তার সুদীপ চন্দ্র সরকার নাকি মৌখিকভাবে বলেছে বাচ্চার অবস্থা ভাল না। বাচ্চা শুকনাতে পড়ে গেছে। তবে ডাক্তার সুদীপ বাবুকে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন এধরনের কোন কথা বলেন নি। ওই রোগীর আত্মীয়-স্বজনদের অভিযোগ সঠিক নয়, অভিযোগের কোন প্রমাণ তারা দিতে পারবে না।’
অভিযোগে উল্লেখ করা হয়,  মঙ্গলবার দুপুরে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের লালন বাড়ি গ্রামের হাবিব মিয়ার স্ত্রী অন্তঃস্বত্তা রুমা বেগম পেটে ব্যথা অনুভব করলে হাসপাতালে যাওয়ার আগেই সুরমা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের দালাল চক্রের কবলে পড়েন। পরে সুরমা ক্লিনিকেই রুমা বেগমের আলট্রাসনোগ্রাম করা হয়। আলট্রাসনোগ্রাম রিপোর্টে বলা হয়, রুমা বেগমের পেটে দুইটি বাচ্ছা, পেটের ভেতর পানি সংকটের কারণে বাচ্চা শুকনো অবস্থায় পড়ে গেছে। তাড়াতাড়ি অপারেশন (সিজার) না করলে বাচ্চা ও মাকে বাঁচানো যাবে না। পরে শহরের আনিছা ডায়াগনস্টিক সেন্টারে রুমা বেগমের আলট্রাসনোগ্রাম করা হয়। সেখানের আলট্রাসনোগ্রাম রিপোর্টে বলা হয়, আরো ২ মাস ১৮ দিন পর বাচ্চা হবে। পরে রুমা বেগমের বড় ভাই তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।
অভিযোগে উল্লেখ করা হয়, সুরমা ক্লিনিকের দালালচক্র বিভিন্ন ছদ্মবেশে হাসপাতালের আশপাশে ঘুরাফেরা করে। তাদের তিনটি দালাল চক্র রয়েছে। একটি চক্র রিকশায়, আরেকটি চক্র সিএনজি নিয়ে ও অন্য একটি চক্র  হাসপাতালের ভেতরে অবৈধভাবে এম্বুলেন্স নিয়ে সারারাত ওৎ পেতে বসে থাকে।

  • [১]