সু.খবর ডেস্ক
দেশে একদিন না একদিন সুষ্ঠু, অবাধ জাতীয় নির্বাচন হবে। ওই নির্বাচনের অপেক্ষায় করছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
তিনি বলেন, ‘দেশে চরম দুঃসময় চলছে। এই সরকার নিশ্চয়ই শেষ সরকার নয়। এই দেশে একদিন না একদিন সুষ্ঠু, অবাধ জাতীয় নির্বাচন হবে। ওই নির্বাচনের অপেক্ষা করছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী প্রয়াত সুনীল গুপ্তের ৬ষ্ঠ মৃত্যুবাষির্কী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে ‘বাবু সুনীল গুপ্ত স্মৃতি সংসদ’।
হাফিজ উদ্দিন বলেন, ‘বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। নির্বাসিত হয়ে পড়েছে গণতন্ত্র।’
তিনি বলেন, ‘৮২ বছর বয়সী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। অথচ সাত খুনের আসামি নূর হোসেনকে রিমান্ডে নেওয়া হয় না।’ হাফিজ উদ্দিন বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে। খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের বিদায় করা হবে।’
সুনীল গুপ্তকে স্মরণ করে বিএনপির এ নেতা বলেন, ‘বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন সুনীল গুপ্ত। ১২ বছর মন্ত্রীর দায়িত্বে থাকার পর বাড়িগাড়ি করেননি। জনগণের জন্য কাজ করেছেন। সব সময় সাদাসিধে জীবনযাপ করতেন। তার মতো রাজনীতিবিদ এখন দেশে খুবই প্রয়োজন।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আ ফ ম রশীদ দুলাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা. সুনীল গুপ্তের ছোট ছেলে সঞ্জয় গুপ্ত।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার।